ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের রসরাজ দাসের ব্যবহৃত মুঠোফোন থেকে ধর্ম অবমাননাকর সেই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়নি বলে নিশ্চিত হয়েছে পুলিশ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরেনসিক বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল সোমবার প্রতিবেদনটি জেলা পুলিশের কাছে পৌঁছায়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন গতকাল রাতে প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফেসবুকের ওই পোস্টটি রসরাজের মুঠোফোন থেকে করা হয়নি বলে ফরেনসিক বিভাগের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্য জায়গা থেকে পোস্টটি করা হয়েছে। অন্য কেউ রসরাজের ফেসবুক আইডি ও পাসওয়ার্ড জানত। অন্যদিকে আল-আমিন সাইবার পয়েন্ট অ্যান্ড স্টুডিও থেকেও ছবিটি পোস্ট করা হয়নি। সেখান থেকে জব্দ করা কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্র পরীক্ষা করে এ মতামত দেওয়া হয়েছে।
এদিকে নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় লোকজন জড়ো করতে দুটি ট্রাক ভাড়া করেন হরিপুর ইউনিয়ন যুবদল সভাপতি মো. বিল্লাল মিয়া। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে তিনি এ-সংক্রান্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিল্লালকে গত রোববার জেলার আশুগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরে মন্দির ও হিন্দুদের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে আরও কয়েক দফায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সমন্বয় সভা: গতকাল বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা হয়েছে। ইউএনও লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জামান সরকার, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা। তবে ফান্দাউক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি কামরুজ্জামন মামুন এবং হরিপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান উপস্থিত ছিলেন না।