আবার বরখাস্ত হবিগঞ্জের মেয়র জি কে গউছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জি কে গউছ
জি কে গউছ

দ্বিতীয়বারের মতো বরখাস্ত হলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়েছে। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় গত বছরের মার্চে তাঁকে প্রথমবার বরখাস্ত করা হয়।
দায়িত্ব ফিরে পাওয়ার ১১ দিনের মাথায় জি কে গউছকে বরখাস্তের আদেশের কপি গতকাল রোববার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন অ্যাক্ট উপসচিব মো. মাহমুদুল আলমের পক্ষ থেকে ফ্যাক্স বার্তার মাধ্যমে আদেশের কপিটি পাঠানো হয়। বরখাস্তের আদেশের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. সফিউল আলম।
এর আগে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় ২০১৪ সালে দেওয়া সর্বশেষ সম্পূরক অভিযোগপত্রে জি কে গউছকে অভিযুক্ত করা হয়। একই বছরের ২৮ ডিসেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
কারাগারে থাকা অবস্থায় ২০১৫ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন জি কে গউছ। ২০১৬ সালের জানুয়ারিতে শপথ নেন। কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় ওই বছরের ২০ মার্চ তাঁকে বরখাস্ত করা হয়। প্রায় দুই বছর কারাভোগের পর সম্প্রতি তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। এরপর গত ২৩ মার্চ মেয়র হিসেবে হবিগঞ্জ পৌরসভার দায়িত্ব নেন।