রূপগঞ্জে নববধূকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নববধূকে প্রকাশ্যে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের পাঁচাইখা এলাকায় নিজ বাড়িতে ওই গৃহবধূর স্বামীর বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে।
নিহত নববধূর নাম শিউলি আক্তার (১৮)। তাঁর হত্যাকাণ্ডে অভিযুক্ত স্বামী শামীম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিউলি উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার নছিমনচালক মনির হোসেনের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮ দিন আগে উপজেলার পাঁচাইখা এলাকার মনির হোসেনের ছেলে শামীম মিয়ার সঙ্গে শিউলি আক্তারের বিয়ে হয়। বিয়েতে ৭০ হাজার টাকা যৌতুক দেওয়ার কথা থাকলেও ৩৫ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। এ ছাড়া যৌতুক হিসেবে বাপের বাড়ি থেকে আধা ভরি ওজনের স্বর্ণ দেওয়া হয়। যৌতুকের বাকি টাকা না পেয়ে স্বামী শামীম সকালে নিজ বাড়িতে প্রকাশ্যে শিউলিকে ধারালো বঁটি দিয়ে গলায় কুপিয়ে হত্যা করেছেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শামীমকে গ্রেপ্তার করে।
শিউলির বাবা মনির হোসেন বলেন, শুক্রবার ভোরে ফোন করে যৌতুকের বাকি টাকা দাবি করেন শামীম। যৌতুকের টাকার জন্যই শিউলিকে হত্যা করেছে শামীম। তিনি এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
এ দিকে অভিযুক্ত শামীমের পরিবারের দাবি, শামীম একজন মানসিক রোগী। হত্যাকাণ্ডের ঘটনাটি তাঁরাও মানতে পারছেন না।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শামীমকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই হত্যাকাণ্ডর বিষয়টি স্বীকার করেছেন। এ দিকে নববধূর লাশ উদ্ধার করে পাঠানো হয়েছে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে। শিউলির পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।