বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পরে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. মারফিন হাসান প্রথম আলোকে জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা বিইআই-২ ডাউন নামের একটি মালবাহী ট্রেন ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে যাচ্ছিল। ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পর প্রায় ৫০০ মিটার যাওয়ার পরই পেছন থেকে ৪ নম্বর বগিটি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঈশ্বরদী রুটে ঢাকা-উত্তরবঙ্গ ও ঢাকা দক্ষিণবঙ্গ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি রেলওয়ে কন্ট্রোলকে অবহিত করা হয়েছে।
মো. মারফিন হাসান আরও বলেন, মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধারের চেষ্টা চলছে।