যাত্রীর ব্যাগ থেকে বেরিয়ে এল চিতার বাচ্চা

থাইল্যান্ড থেকে উড়োজাহাজে অন্যদের মতোই ভারতে এসেছেন এক যাত্রী। বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা তাঁকে আটক করেন। কারণ, আর সবার ব্যাগে জামাকাপড় থাকলেও তাঁর ব্যাগে ছিল অদ্ভুত কিছু।
প্লাস্টিকের যেসব ঝুড়িতে কেনাকাটা করা হয়, সে রকমই একটি ঝুড়ি ওই ব্যক্তির ব্যাগে পাওয়া যায়। সেখান থেকে অদ্ভুত আওয়াজ আসছিল। ব্যাগ খুলে কাস্টমস কর্মকর্তারা অবাক। কারণ, ব্যাগের মধ্যে ছিল চার মাস বয়সী চিতার বাচ্চা।
ওই ব্যক্তি গতকাল শনিবার ব্যাংকক থেকে চেন্নাই বিমানবন্দরে পৌঁছান।
কাস্টমস কর্মকর্তারা এএফপিকে জানান, কর্তৃপক্ষের সন্দেহ, ওই ব্যক্তি আন্তর্জাতিক পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। ৪৫ বছরের ওই ব্যক্তির নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কাস্টমস কর্মকর্তারা বলছেন, জিজ্ঞাসাবাদের সময় তিনি অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন।
বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, চিতার বাচ্চাটি খুবই দুর্বল। অদ্ভুত শব্দ করছিল। মানসিকভাবে বিপর্যস্ত মনে হচ্ছিল। ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানবন্দরের কর্মকর্তারা চিতার বাচ্চাটিকে বোতলে করে গরুর দুধ খাওয়াচ্ছেন।