একই দিনে ছবি হলেন ওঁরা আটজন

একই দিনে একই সময়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আটজনকে। ঘটনাটি ঘটেছিল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। স্বজনদের দাবি, এঁদের তুলে নিয়ে গিয়েছিল র্যাব।
একই দিনে ছবি হওয়া এই আটজন হলেন সাজেদুল ইসলাম সুমন, আবদুল কাদের ভূইয়া, মাসুম, মাজহারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা, এ এম আদনান, জাহিদুল করিম তানভীর ও আল আমিন।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি ‘স্বজনদের ব্যথা: গুম, খুন, নির্যাতন আর না’ শীর্ষক সম্মেলনের আয়োজন করে।
সেখানে নিখোঁজ সাজেদুল ইসলামের বোন সানজিদা ইসলাম শোনালেন ভাই নিখোঁজের কথা, ‘আমার ভাইয়ের একটাই দোষ, বিএনপি করত। পারিবারিকভাবেই আমরা রাজনীতির সঙ্গে যুক্ত। গত ৪ ডিসেম্বর অস্ত্রশস্ত্রে সজ্জিত তিনটি গাড়িতে করে র্যাব-১ আমার ভাইসহ কয়েকজনকে তুলে নিয়ে যায়। আমরা দেরি করিনি। আধ ঘণ্টার মধ্যে মা-বাবা-বোন নিয়ে র্যাব-১-এ যাই। নয় মাস ধরে ওরা মিথ্যে বলছে। বলছে, ওরা কিছু জানে না। ওরা যদি তুলে নিয়ে না-ও যায়, ওরা খুঁজে দিক।’
সানজিদা বলেন, ‘আমার বৃদ্ধ মা প্রতি সপ্তাহে একবার র্যাবের ডিজি, এডিজি, সিইওর দরজায় দাঁড়িয়ে থাকে। চিত্কার করে কাঁদে। আমার ভাইয়ের মেয়েরা অপেক্ষায় থাকে। এ দৃশ্য অসহনীয়। আমার ট্যাক্সের টাকায় প্রতিরক্ষা বাহিনী চলে। ওরা কেন উত্তর দেবে না? একটাই দাবি, হয় ফেরত দিন, নয় উদ্ধার করে দিন। ফেরত আপনাদের দিতেই হবে। উত্তর দিতেই হবে। আমাকে জানতেই হবে, ওরা কোথায়?’