পছন্দের এয়ারলাইনসে হজে যাওয়া যাবে
হজে গমনেচ্ছুকেরা পছন্দের এয়ারলাইনসে করে সৌদি আরব যেতে পারবেন বলে অনুমতি দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে অন্তর্বর্তী এ আদেশের পাশাপাশি রুলও জারি করেন।
গত ২৪ এপ্রিল ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বৈঠকে সিদ্ধান্ত হয়, হজযাত্রীদের ৫০ শতাংশ বাংলাদেশ এয়ারলাইনসে ও ৫০ শতাংশ সৌদি এয়ারলাইনসে সৌদি আরব যাবে।
এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হজে গমনেচ্ছুক রেজাউল ইসলাম, আল মাহমুদ ট্রাভেলসের প্রোপ্রাইটার আবদুল কবীর খান ও হজ এজেন্সি অব বাংলাদেশের (হাব) পক্ষে এ রিট আবেদনটি করা হয়।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব শফিক ও কে এম হাফিজুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
হাফিজুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, আদালতের এ আদেশের ফলে এখন হজে গমনেচ্ছুকেরা পছন্দমতো এয়ারলাইনসে করে সৌদি আরব যেতে পারবেন।
রুলে আন্তমন্ত্রণালয়ের ওই সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান ও পর্যটন সচিবসহ তিন বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনে বলা হয়, দুটি এয়ার ওয়েজের মাধ্যমে হজ করতে যাওয়ার বিষয়টি নির্দিষ্ট করে দেওয়ায় এক ধরনের সংকট তৈরি হচ্ছে। এ সংকটের কারণে হজে গমনেচ্ছুক প্রত্যেককে পাঁচ দিনের জন্য আসা-যাওয়াসহ ৪৫ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।