ডিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মুগদা থানা এলাকায় গতকাল রোববার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মেজবাহ উদ্দিন তারেক (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
তবে পরিবারের অভিযোগ, বাসা থেকে ধরে নিয়ে ডিবির একটি দল মেজবাহকে হত্যা করেছে। থানা, ডিবির কার্যালয় ঘুরে ১৬ ঘণ্টার পর মর্গে গিয়ে মেজবার লাশ শনাক্ত করেন তাঁর বাবা।
এ ব্যাপারে গতকাল রাত নয়টায় ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখা সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়। এতে বলা হয়, নিহত যুবকের নাম তারেক মাসুদ। তিনি অবৈধ অস্ত্র ব্যবসায়ী। তাঁর কাছ থেকে একটি পিস্তল, নয়টি গুলি, সাতটি গুলির খোসা, একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হন।
তবে তারেকের বিরুদ্ধে কোনো মামলা কিংবা সাধারণ ডায়েরি ছিল কি না, সে ব্যাপারে নিশ্চিত করতে পারেনি ডিবি ও কদমতলী থানার পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে অবৈধ অস্ত্র ব্যবসার অভিযোগে তারেককে কদমতলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, কদমতলী ও মাতুয়াইল এলাকার সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী চান্দি সুমন ও কিলার শামিম গ্রুপের সক্রিয় সদস্য তিনি। দলের সদস্যদের কাছে অবৈধ অস্ত্র আছে-তাঁর এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায় ডিবি। একপর্যায়ে তারেক জানান, ভোরে মুগদার মান্ডা এলাকার গ্রিন মডেল টাউনসংলগ্ন বালুর মাঠে তাঁর চারজন সহযোগী একত্র হবে। ডিবির দল সকাল সাতটার দিকে ওই মাঠে অবস্থান নেয়। শনাক্তের সুবিধার্থে তারেককে তাঁর সহযোগীদের সঙ্গে একত্র হওয়ার কথা বলা হয়। কিন্তু তারেক সেখানে গিয়ে মুহূর্তের মধ্যে এক সহযোগীর কাছ থেকে অস্ত্র নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করতে থাকেন। অন্য সহযোগীরাও গুলি চালাতে থাকেন। তখন পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অপরাধীরা পালিয়ে যান। পরে তারেককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁকে মুগদা থানার পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, তারেকের মুখের ডান পাশে ও বুকে ছিদ্র আছে। সারা শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। রাত আটটা পর্যন্ত মর্গে অজ্ঞাতনামা হিসেবেই লাশ পড়ে ছিল। পরে স্বজনেরা মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন।
মেজবাহের বাবা আবু জাফর সিকদার মর্গে সাংবাদিকদের জানান, তাঁদের বাসা কদমতলী থানার দনিয়ায়। তিন ছেলের মধ্যে মেজবাহ বড়। গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার কদুয়ায়।
আবু জাফর বলেন, গতকাল ভোর চারটার দিকে ডিবির একটি দল বাসায় ঢুকে মেজবাহকে আটক করে। ‘অভিযোগ আছে’ বলে তাঁকে বাসার বাইরে নিয়ে গিয়ে বেদম মারধর করে তারা। এরপর গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। কী অভিযোগ—তার বিস্তারিত জানতে গতকাল সকাল ১০টার দিকে তিনি (আবু জাফর) রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গেলেও ঢুকতে দেওয়া হয়নি। বিকেল পাঁচটা পর্যন্ত ডিবি কার্যালয়ের প্রধান ফটকের সামনে অপেক্ষায় ছিলেন। বিকেল পাঁচটার দিকে এক পুলিশ সদস্য কদমতলী থানায় যোগাযোগ করতে বলেন। কদমতলী থানায় খবর পেয়ে তিনি মর্গে গিয়ে দেখেন, লাশ হয়ে শুয়ে আছে ছেলে মেজবাহ।
আবু জাফর বলেন, উচ্চ মাধ্যমিক পাস করে এক বছর ওষুধ কোম্পানিতে চাকরি করেছেন মেজবাহ। এরপর আদমজীতে ইপিজেডে চাকরি করেন দুই বছর। চলতি মাসে চাকরি ছেড়ে দিয়ে শিক্ষার্থী ভিসায় মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন মেজবাহ। কোরবানি ঈদের আগে মালয়েশিয়া চলে যাওয়ার কথা ছিল তাঁর। আবু জাফরের দাবি, তাঁর ছেলের বিরুদ্ধে কোনো মামলা কিংবা জিডি পর্যন্ত নেই। ভুল তথ্যের ভিত্তিতে ডিবি তাঁকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে।
যোগাযোগ করা হলে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, ‘মেজবাহ উঠতি সন্ত্রাসী। হয়তো ডিবির তালিকায় তাঁর নাম উঠে গেছে।’ মেজবাহের বিরুদ্ধে কোনো মামলা বা জিডি আছে কি না—প্রশ্ন করলে ওসি বলেন, ‘এখনো দেখার সময় পাইনি।’