বখাটেদের হামলার ঘটনায় পুলিশের তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে মোহনা ভিআইপি ছাত্রী হোস্টেলে বখাটেদের হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মোহাম্মদপুর থানার পুলিশ গতকাল বুধবার ঘটনাস্থলে যায় এবং হোস্টেলের দুই নিরাপত্তাকর্মীকে থানায় নিয়ে বখাটেদের বিষয়ে খোঁজখবর নেয়।
ওই হামলার ঘটনার নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের ওই ছাত্রী হোস্টেলে গত সোমবার রাত ১১টার দিকে হামলা চালায় বখাটেরা। তারা হোস্টেলের প্রধান ফটকের সামনে পটকার বিস্ফোরণ ঘটায় এবং হোস্টেলে কাচের বোতল ছুড়ে মারে। তারা ছাত্রীদের গালিগালাজও করে। পুলিশ আসার আগেই তারা চলে যায়। এ ঘটনায় ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘হামলা তো হবে, তোমরা শার্ট-প্যান্ট পরো কেন?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই হামলার বিষয়ে জানতে মঙ্গলবার সেখানে গেলে ছাত্রীরা বিভিন্ন অভিযোগ করেন। এ সময় হোস্টেলের তত্ত্বাবধায়ক ক্ষিপ্ত হয়ে ছাত্রীদের উদ্দেশে বলেন, ‘হামলা তো হবে, তোমরা শার্ট-প্যান্ট পরো কেন?’
ওই হামলার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক গতকাল প্রথম আলোকে বলেন, ওই হামলার বিষয়ে গতকাল পর্যন্ত কোনো অভিযোগ করেনি হোস্টেল কর্তৃপক্ষ। ফলে বিষয়টি সম্পর্কে কিছু জানা যায়নি। এর পরও থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত বখাটেদের অচিরেই আইনের আওতায় আনা হবে।
গতকাল বিকেলে ওই হোস্টেলে গেলে নিরাপত্তাকর্মী জাহিদুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে হোস্টেলে পুলিশ এসেছিল। পরে তাঁকে ও আরেক নিরাপত্তাকর্মী মুজিবুর রহমানকে থানায় নিয়ে হামলাকারী বখাটেদের পরিচয় জানতে চায় পুলিশ। তাঁরা বখাটেদের চেনেন না বলে জানিয়েছেন।
জাহিদুলের সঙ্গে কথা বলার একপর্যায়ে হোস্টেলের ভেতর থেকে আসা এক নারী নিজেকে পুলিশ কর্মকর্তার স্ত্রী দাবি করে এই প্রতিবেদকের সঙ্গে দুর্ব্যবহার করেন। প্রতিবেদকের উদ্দেশে তিনি বলেন, ‘হোস্টেলের সামনে সামান্য আতশবাজি ফুটেছে৷ কিন্তু আপনারা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি শুরু করেছেন।’ তিনি হোস্টেল কর্তৃপক্ষের কেউ কি না, জানতে চাইলে তিনি এর জবাব দেননি।
দুর্ব্যহারের বিষয়টি মুঠোফোনে মোহাম্মদপুর থানার ওসিকে জানানো হয়। ওসি বলেন, ‘বিষয়টি আমি দেখছি।’
বাংলাদেশ মহিলা পরিষদের নিন্দা: মোহনা ভিআইপি ছাত্রী হোস্টেলে হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের শাস্তি এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানানো হয়।