ভোগান্তির শঙ্কা থেকেই যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপে কোথাও দেবে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে উচুঁ-নিচু ঢেউ। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গতকাল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার এলাকা থেকে ছবিটি তুলেছেন এম সাদেক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপে কোথাও দেবে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে উচুঁ-নিচু ঢেউ। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গতকাল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার এলাকা থেকে ছবিটি তুলেছেন এম সাদেক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপে কোথাও দেবে গেছে, কোথাও উঁচু-নিচু, আবার কোথাও সৃষ্টি হয়েছে ঢেউয়ের। এমন চিত্র মহাসড়কটির কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে ফেনীর মোহাম্মদ আলীর ৪১ কিলোমিটার পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার ভোরেও উঁচু-নিচু ঢেউয়ের কারণে দুটি কাভার্ড ভ্যান ও একটি ট্রাক দুর্ঘটনায় পড়ে।
আর মহাসড়কের সীতাকুণ্ড অংশের মধ্যে অন্তত ২০টি এলাকায় রয়েছে ছোট-বড় খানাখন্দ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বৃষ্টির কারণে সংস্কারকাজ ঠিকমতো হয়নি। তাই ঈদ ও পূজায় বাড়িফেরা মানুষের ভোগান্তির শঙ্কা থেকেই যাচ্ছে।
সরেজমিনে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরে দেখা গেছে, মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার পূর্ব পাশ, ছুফুয়া বাজার, বাবুর্চি বাজার, আমানগন্ডা গাউছিয়া ট্রেডার্সের সামনে, রাজেন্দ্রপুর, হোটেল অফভিট, ডলি রিসোর্ট, বাতিশা, বৈদ্যের বাজার, নানকরা, কালিকাপুর, ফাল্গুনকরা, বসন্তপুর কাজীপাড়া, চিওড়া, আমজাদের বাজার ও মোহাম্মদ আলীর বিভিন্ন অংশ দেবে গেছে। সড়কের কোথাও ছয় ইঞ্চি; কোথাও প্রায় এক ফুট দেবে গেছে। এর মধ্যে ফাল্গুনকরা, বাতিশা ও বাবুর্চি বাজার এলাকায় বাঁকের মধ্যে তৈরি হয়েছে বড় ধরনের গর্ত। আর এবড়োথেবড়ো অবস্থা তো রয়েছেই। গতকাল বেলা ১১টায় বাতিশা এলাকায় একটি ট্রাককে মহাসড়কে সৃষ্ট ঢেউয়ের মধ্যে পড়ে থাকতে দেখা গেছে। এতে সকাল সাড়ে ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যানজট ছিল। মোহাম্মদ আলী এলাকার কাছে দুটি কাভার্ড ভ্যান দুর্ঘটনায় পড়ে।
সাত বছর ধরে এই মহাসড়কে বাস চালান কুমিল্লা থেকে ফেনীগামী যমুনা পরিবহনের জহিরুল ইসলাম। চিওড়া এলাকায় তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘রাস্তার কারণে প্রতিদিনই কমবেশি যানজট হচ্ছে। গাড়ি চালাতে দুর্ভোগ পোহাতে হয়। ঝুঁকি নিয়েই যাচ্ছি।’ আমজাদের বাজার এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক মফিজুল ইসলাম বলেন, গাড়ি অতিক্রম (ওভারটেকিং) করতে গেলেই কাত হয়ে পড়ে যায় যানবাহন। দোয়া-দরুদ পড়ে কোনোরকমে ওই মহাসড়ক দিয়ে যাত্রীরা আসা-যাওয়া করে।
আমজাদের বাজারে বিসমিল্লাহ ইলেকট্রিকের মালিক শামসুল আলম বলেন, গত মঙ্গলবার বেলা ১১টায় নানকরা এলাকায় রংপুর থেকে চট্টগ্রামগামী গরুবাহী একটি ট্রাক মহাসড়কের ঢেউয়ের মধ্যে উল্টে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। তখন চারটি গরু মারা যায়।
জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহিম বলেন, মহাসড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন চারলেন কর্তৃপক্ষের হাতে। তারা এসব দেখভাল করছেন।
চার লেন প্রকল্প-২-এর ব্যবস্থাপক মাসুম সারওয়ার বলেন, বৃষ্টির কারণে বর্ষাকালে বড় ধরনের কাজ হয়নি। চৌদ্দগ্রামের অংশে মহাসড়কের মধ্যে ঢেউ রয়েছে। শিগগিরই দেবে যাওয়া এলাকাগুলো মেরামত করা হবে। চৌদ্দগ্রামের বাতিশা থেকে মোহাম্মদ আলী পর্যন্ত অংশের দেবে যাওয়া অংশ বর্ষা মৌসুমের পর সমান করে হবে বলে জানিয়েছেন প্রকল্প-৩-এর ব্যবস্থাপক সন্তোষ কুমার রায়।
সওজ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলায় ৯৯ কিলোমিটার পথ রয়েছে। প্রতিদিন এই মহাসড়ক দিয়ে ২৫ হাজার যানবাহন চলাচল করে। নির্ধারিত সময়ে চার লেনের কাজ শেষ না হওয়ায় মহাসড়কের পুরাতন অংশের দিকে নজর দেয়নি কর্তৃপক্ষ।
সীতাকুণ্ড: গতকাল সরেজমিনে দেখা যায়, সীতাকুণ্ডের বড় দারোগাহাট ও ভাটিয়ারী বাজারে পিচের বদলে ঢালাইয়ের কাজ শেষ পর্যায়ে। দুই স্থানে ঢালাইয়ের মাঝে দেড় ফুটের মতো চওড়া নালা রয়েছে। যেকোনো মুহূর্তে গাড়ির চাকা নালায় পড়ে দুর্ঘটনা পড়তে পারে। এ দুই স্থানে প্রতিদিনই যানজট লেগে থাকে।
জানা গেছে, ঈদুল ফিতরের আগে তাড়াহুড়ো করে সীতাকুণ্ড দক্ষিণ বাইপাসে ইট বসিয়ে জোড়াতালির সংস্কার করা হয়েছিল। এখন ওই ইটগুলো উঁচু-নিচু হয়ে মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ছোট দারোগাহাট, বাড়বকু বাজার, শুকলালহাট বাজার, ফকিরহাট চার লেনে ওঠার পথে, টেরিয়াল বাজার, হাম্মাদিয়া মসজিদ এলাকা, ভাটিয়ারী স্টেশন, বন্দরসড়কের সংযোগস্থলে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। মগপকুর, আরআরজুট মিলস, পিএইপি কাচ তৈরির কারখানার উত্তর অংশে সৃষ্টি হয়ে উঁচু-নিচু ঢেউ।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট জিল্লুর রহিম ও বারআউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পূজা ও ঈদের এখনো কয়েক দিন বাকি। ভাটিয়ারী ও দারোগাহাট বাজারে ঢালাইয়ের কাজের কারণে গাড়ি চলে সরু একটি লাইনে। ওই লাইনে একটি গাড়ি নষ্ট হলে যানজট সৃষ্টি হচ্ছে। মুক্ত করা সম্ভব হয় না।
সম্প্রসারিত চার লেন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক অরুণ আলো চাকমা বলেন, গত কয়েক দিন টানা বৃষ্টি হওয়ায় যে দু-একটা গর্ত সৃষ্টি হয়েছিল, তা সংস্কার করা হচ্ছে। সীতাকুণ্ড বাইপাসের ইট বসানো অংশে স্থায়ী সংস্কার ঈদের আগে সম্ভব নয় বলে তিনি জানান।