রায়পুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা, সাত গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ে গত বৃহস্পতিবার রাতে হামলা চালায় বিক্ষুব্ধ লোকজন। পুড়িয়ে দেয় পিকআপ ভ্যান।প্রথম আলো
বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ে গত বৃহস্পতিবার রাতে হামলা চালায় বিক্ষুব্ধ লোকজন। পুড়িয়ে দেয় পিকআপ ভ্যান।প্রথম আলো

বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে রাখা একটি পিকআপ ও কার্যালয়ের ভেতরে রাখা ছয়টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে কার্যালয়ের দরজা-জানালা।
গত বৃহস্পতিবার রাত নয়টার পর শহরের নতুন বাজারে অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে বিক্ষোভকারীরা লক্ষ্মীপুর-রায়পুর সড়কে তিনটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে এবং চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
তিন দিন ধরে বিদ্যুতের দাবিতে আন্দোলন চললেও বিদ্যুৎ কার্যালয় এলাকায় পুলিশ মোতায়েন করা ছিল না। সারা রাত গাড়িগুলো জ্বললেও কেউ তা নেভাতে এগিয়ে আসেনি। সকালে কয়েকজন যুবককে দেখা গেছে গাড়িগুলোতে ধিকিধিকি জ্বলা আগুন পানি ও লাঠি দিয়ে খুঁচিয়ে নেভানোর চেষ্টা করছেন।
ঘটনার সময় ভবনটির তৃতীয় তলায় মালিকসহ ভাড়া থাকা চারটি পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। ভবনটির প্রথম ও দ্বিতীয় তলা ভাড়া নিয়ে বিদ্যুৎ কার্যালয় চলছে। ঘটনার সময় কোনো কর্মকর্তা-কর্মচারী ওই কার্যালয়ে ছিলেন না।

রাস্তায় গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ।প্রথম আলো
রাস্তায় গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ।প্রথম আলো

ভবনের মালিক মো. আজম ভূঞা জানান, আগুন দেওয়ার পর তৃতীয় তলা থেকে চারটি পরিবারের ছেলে-বুড়ো সবাই হুড়োহুড়ি করে নিচে নেমে আসে। সারা রাত ধরে ওঠা ধোঁয়ায় সবার বাসার আসবাব কালো হয়ে গেছে। তাঁর ভাড়াটেরা আতঙ্কে বাসা ছেড়ে চলে যেতে চাইছেন।
ঈদের পরদিন মঙ্গলবার থেকে এ উপজেলায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ চলছিল। ওই দুই দিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সরিয়ে সড়কগুলো অবরোধমুক্ত করে।
বৃহস্পতিবার রাতেও আন্দোলনকারীরা লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ও ইট ফেলে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। তারা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে খণ্ড খণ্ড মিছিল করে। এ সময় শহরে বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়।
এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এতে প্রায় দুই হাজার লোককে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে একজনকে।
গতকাল শুক্রবার একাধিক ব্যক্তি প্রথম আলোকে বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, স্থানীয় প্রশাসন এই আন্দোলনকে বিশেষ গুরুত্বের সঙ্গে নেয়নি। তাই তাদের কোনো উদ্যোগ বা প্রস্তুতিও ছিল না। আর বিদ্যুতের জন্য ক্ষোভ এত বেশি ছিল যে পুড়িয়ে দেওয়া গাড়িগুলো রক্ষা বা আগুন নেভাতেও সাধারণ মানুষ এগিয়ে আসেনি।
এ বিষয়ে জানার জন্য লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সালাহ উদ্দিনের ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তবে ডিউটিম্যান আবুল হাসেম জানান, খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই তাঁরা রায়পুরের উদ্দেশে রওনা দেন। কিন্তু শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে রাখালিয়া পর্যন্ত গিয়ে আটকে পড়েন। সেখানে রাস্তাজুড়ে গাছের গুঁড়ি ফেলা। তাঁরা রাত ১২টা পর্যন্ত সেখানে অপেক্ষা করেন। এরপর রায়পুর থেকে পুলিশ এসে রাস্তা পরিষ্কার করে তাঁদের রায়পুর থানা পর্যন্ত নিয়ে যায়। তবে পুলিশ আর তাঁদের পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যেতে বলেনি। কারণ ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে তাঁদের জানানো হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে জানান, বিদ্যুতের দাবিতে স্থানীয় পল্লী বিদ্যুতের গ্রাহকেরা বৃহস্পতিবার রাত আটটার সময় লক্ষ্মীপুর-রায়পুর সড়কের রায়পুর শহর থেকে রাখালিয়া বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। তারা তিনটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে এবং চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
রাত সাড়ে নয়টার দিকে আরেক দল বিক্ষোভকারী বিদ্যুতের কার্যালয়ে হামলা ও গাড়িতে অগ্নিসংযোগ করে।
এরপর ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম প্রায় আধা কিলোমিটার দূরে শহরের প্রধান সড়কের মাদ্রাসার কাছে গিয়ে আরেক দল বিভোক্ষকারীকে শান্ত করার চেষ্টা করেন। ইউএনওর সঙ্গে কয়েকজন মাত্র পুলিশের সদস্য ছিলেন। এ সময় সেখানে ১০-১৫টি ককটেলের বিস্ফোরণ ঘাটানো হয়। তবে পুলিশ সংখ্যায় কম থাকায় কোনো তৎপরতা চালায়নি। ইউএনও আন্দোলনকারীদের বলেন, লোডশেডিং আছে এটা সত্য। এটা যাতে সহনীয় পর্যায়ে রাখা যায়, তিনি এর জন্য চেষ্টা করবেন। এরপর রাত সাড়ে ১০টার দিকে মাদ্রাসার সামনে থেকে অবরোধ তুলে নেওয়া হয়।
রাত ১০টার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান চৌধুরী বলেন, খবর পেয়েই পুলিশ গিয়ে ঘটনাস্থলে অবস্থান নেয়। বিক্ষুব্ধদের শান্ত করে অবরোধও তুলে দেওয়া হয়। এর মধ্যেই এ ঘটনা ঘটে। তাই মনে হচ্ছে, নাশকতার জন্যই এটা করা হয়েছে।
গত বুধবার রাত সাড়ে ১১টার দিকেও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করেছিল এলাকাবাসী। অবরোধকারীরা রায়পুর-হায়দারগঞ্জ সড়কের পীরবাড়ির সামনে ও সিনেমা হলের সামনের রাস্তায় গাছের গুঁড়ি ও ইট ফেলে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে।
গত মঙ্গলবার বিকেল চারটার দিকেও সড়ক

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের ভেতরে ছয় মোটরসাইকেলে আগুন l প্রথম আলো
পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের ভেতরে ছয় মোটরসাইকেলে আগুন l প্রথম আলো

অবরোধ করেছিল আন্দোলনকারীরা। ওই দিন লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়কের সর্দারবাড়ি এলাকায় একই কায়দায় অবরোধ করা হলে রাস্তার দুই পাশে দূরপাল্লার যাত্রীবাহী বাস, মিনিবাস, ট্রাক, অটোরিকশাসহ যানবাহন আটকা পড়ে। এতে শত শত যাত্রী দুর্ভোগের শিকার হয়।
গোয়েন্দা বিভাগের একটি সূত্র জানায়, লক্ষ্মীপুর ফাউন্ডেশনের সভাপতি সোলাইমান রুবেল বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুতের দাবিতে রায়পুরে একটি সংবাদ সম্মেলন করেন। তাঁর সঙ্গে ছাত্রশিবিরের কয়েকজন নেতাও ছিলেন। খবর পেয়ে পুলিশ সম্মেলনস্থলে যায়। কিন্তু এর আগেই তাঁরা বের হয়ে যান। ওই সংবাদ সম্মেলনের পরপরই একটি চক্র অবরোধ শুরু করে। নাশকতার জন্য চক্রটি অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়।
তবে সোলাইমান রুবেল প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে রায়পুরবাসী দিনে আট ঘণ্টাও বিদ্যুৎ পায় না। আমরা বিদ্যুতের দাবিতে সংবাদ সম্মেলন করি। কে বা কারা সহিংসতা করেছে, তা আমরা জানি না।’
কয়েকজন আন্দোলনকারী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোর কাছে দাবি করেন, রায়পুরে এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে দুই ঘণ্টা লোডশেডিং করা হয়। যখন বিদ্যুৎ থাকে, তখন পুরো সময় লো-ভোল্টেজ থাকে। এতে ঈদের কয়েক দিনে অনেক রেফ্রিজারেটর ও টেলিভিশন নষ্ট হয়ে গেছে। যাঁরা কোরবানির পশুর মাংস ফ্রিজে রেখেছেন, লো-ভোল্টেজের কারণে তা ঠিকমতো সংরক্ষণ করা যায়নি। অনেকের মাংস নষ্টও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সব মিলে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে।
আন্দোলনকারীরা আরও দাবি করে, লক্ষ্মীপুর সদরসহ পার্শ্ববর্তী উপজেলাগুলোতে রায়পুরের মতো এত বেশি লোডশেডিং হয় না। ২৪ ঘণ্টায় এখানে আট ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যায় না।
থানা সূত্রে জানা গেছে, গাড়ি পোড়ানো ও সহিংসতার ঘটনায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের এজিএম মফিজুল আহমেদ বাদী হয়ে একটি মামলা করেছেন। এতে অজ্ঞাতনামা ৫০০-৬০০ জনকে আসামি করা হয়েছে।
এ ছাড়া রায়পুর থানার পুলিশের উপপরিদর্শক জহিরুল হক বাদী হয়ে আরও একটি মামলা করেছেন। এতে বিল্লাল হোসেনকে প্রধান আসামি করে ৪২ জনের নাম দিয়ে এবং আরও এক-দেড় হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়। পুলিশ রাতেই বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে। তবে বিল্লাল সামাজিক বা রাজনৈতিকভাবে পরিচিত কেউ নন।
স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, রায়পুর পৌর শহর ও ১০টি ইউনিয়নে তাদের প্রায় ২৭ হাজার গ্রাহক রয়েছে। এ জন্য দৈনিক ১০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন, কিন্তু পাওয়া যাচ্ছে ৩ থেকে ৪ মেগাওয়াট। ফলে লোডশেডিং করতে হয়।
জানতে চাইলে রায়পুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মাহফুজুর রহমান বলেন, রায়পুরে সাব-স্টেশন না থাকার কারণে লোডশেডিং করতে হচ্ছে। নোয়াখালী গ্রিড থেকে আসা বিদ্যুতের প্রধান লাইনে ওভারলোডের কারণে এখানে লো-ভোল্টেজ হচ্ছে বলে তিনি ব্যাখ্যা দেন।