নয়জন বিশিষ্ট নাগরিককে শহীদ মিনারে অবাঞ্ছিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিয়াস করিমের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া প্রতিহত করার কর্মসূচি থেকে শিক্ষক, সাংবাদিক ও টেলিভিশনের টক শোর আলোচক বিশিষ্ট নয়জন নাগরিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
তাঁরা হলেন দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ উল্লাহ, নিউএজ সম্পাদক নূরুল কবীর, কবি ফরহাদ মজহার, অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক দিলারা চৌধুরী, পিয়াস করিমের স্ত্রী অধ্যাপক আমেনা মহসীন, সাংবাদিক গোলাম মোর্তোজা ও আইনজীবী তুহিন মালিক।
শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল শুক্রবার দুপুরে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নামের একটি সংগঠনের সভাপতি মেহেদী হাসান।
তিনি বলেন, এঁদেরকে দেশের সব শহীদ মিনারে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
অবশ্য রাতে মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘আমরা শুধু এ নয়জনকেই অবাঞ্ছিত ঘোষণা করিনি, তাদের সঙ্গে “গং” শব্দটিও জুড়ে দেওয়া হয়েছে। যারা মুক্তিযুদ্ধ ও শহীদ মিনারের চেতনা লালন ও ধারণ করে না, সেসব গণশত্রুদের শহীদ মিনারে আসার কোনো অধিকার নেই।’
এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী প্রথম আলোকে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে বলেন, ‘কী আর বলব। ফ্রি স্টাইলে চলছে সবকিছু। একটা অসুস্থ সমাজে বাস করছি আমরা। কথা নেই বার্তা নেই, তারা কীভাবে হঠাৎ অবাঞ্ছিত ঘোষণা করল? দেশে গণতন্ত্রের চর্চা না থাকায় আজ এ অবস্থা।’ তিনি বলেন, ‘যাঁদের অবাঞ্ছিত ঘোষণা করা হলো, তাঁদের ব্যাকগ্রাউন্ড দেখেন। আমি একাত্তর সালের ২৬ মার্চ সকালে রাস্তায় ব্যারিকেড দেওয়া অবস্থায় গ্রেপ্তার হয়েছি। চার দিন পর মুক্তি পাই। আমার সঙ্গে গ্রেপ্তার হওয়ার চারজনকে পাকিস্তানি সেনারা গুলি করে মেরে ফেলেছিল।’
পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে নেওয়া প্রতিহত করতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল নয়টা থেকে শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, গণজাগরণ মঞ্চের একাংশ, মুক্তিযুদ্ধ প্রজন্ম, অনলাইনে বঙ্গবন্ধুর আদর্শের বন্ধুরা, বঙ্গবন্ধু সৈনিক প্লাটুনসহ আরও কয়েকটি সংগঠন। তারা বেলা দুইটা পর্যন্ত সেখানে অবস্থান করে৷
কর্মসূচিতে এই নয়জন বিশিষ্ট নাগরিককে প্রতিহত করার ডাক দিয়ে ‘মিথ্যাবাদী’ ও ‘স্বাধীনতাবিরোধী’ উল্লেখ করে তাঁদের ছবিসহ একটি বড় ব্যানার নিয়ে অবস্থান করে অনলাইনভিত্তিক সংগঠন সিপি গ্যাং। তাঁদের প্রতিহত করারও আহ্বান জানানো হয়।
এই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর নেতারা। অন্যদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি জয়দেব নন্দীও সমাবেশে বক্তব্য দেন।
অবাঞ্ছিত ঘোষণা করা প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, সরকারের বিপক্ষে যাঁরা যৌক্তিক ও বস্তুনিষ্ঠ সমালোচনা করেন, তাঁদের হেয় করার জন্য সরকারের মদদপুষ্ট ২০-২৫ জন মানুষ এ কর্মসূচি পালন করেছে। এ ধরনের কর্মসূচি পালন করার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চেহারার আরেকটা রূপ ফুটে উঠেছে।
তাঁর মতে, যাঁরা এই কর্মসূচি পালন করেছেন, তাঁরা যদি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়, তাঁদের উচিত সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়া। কারণ এই সরকারই গণতন্ত্র ধ্বংস ও দুর্নীতির মহোৎসব করে এবং সর্বোপরি যুদ্ধাপরাধের বিচার নিয়ে রাজনৈতেক তালবাহানা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে।