বৈষম্য নিরসনে এগিয়েছে নারী, রাজনীতি ছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লিঙ্গবৈষম্য নিরসনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। রাজনৈতিক ক্ষেত্রে লিঙ্গসমতায় সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন দশম। এ ক্ষেত্রে এশিয়ার সব দেশের ওপরে বাংলাদেশ। রাজনীতির পাশাপাশি অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা—এসব বিষয় বিবেচনায় সার্বিকভাবে লিঙ্গসমতায় বিশ্বের ১৪২টি দেশের মধ্যে বাংলাদেশ ৬৮তম।
লিঙ্গবৈষম্য নিয়ে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক জরিপে এ তথ্য জানানো হয়েছে। গত সোমবার প্রকাশ করা হয় এ-সংক্রান্ত প্রতিবেদন। ১৪২টি দেশের ওপর চালানো হয় জরিপ।
সার্বিকভাবে বাংলাদেশ আগের চেয়ে এগিয়ে গেলেও রাজনৈতিক ক্ষেত্রে এবার একটু পিছিয়ে গেছে। আগের বছরের তালিকায় সার্বিকভাবে বাংলাদেশ ছিল ১৭৫তম অবস্থানে। আর রাজনৈতিক ক্ষেত্রে সপ্তম।
প্রতিবেদন অনুযায়ী, বৈষম্য হ্রাসে বাংলাদেশ এযাবৎকালে তার সর্বাধিক স্কোর অর্জন করেছে। এই স্কোর দশমিক ৬৯৭৩। ২০০৬ সালের তুলনায় এ দেশে অর্থনীতিতে অংশগ্রহণ, সুযোগ–সুবিধা ভোগ, শিক্ষা খাতে অর্জন, স্বাস্থ্য ও আয়ুর মতো সব সূচকেও হয়েছে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে আইন–প্রণয়নকারী, জ্যেষ্ঠ কর্মকর্তা, ব্যবস্থাপক, পেশাজীবী ও কারিগরি কর্মীদের কর্মদক্ষতার সূচকে সর্বনিম্ন ১০টি দেশের একটি বাংলাদেশ। বাংলাদেশ প্রসঙ্গে প্রতিবেদনে আরও বলা হয়, অর্থনীতিতে অংশগ্রহণ ও সুযোগসুবিধা—এ দুই সাব-সূচকে এ দেশের অবস্থান ১২৭তম। শিক্ষাগত অর্জনে অবস্থান ১১১তম এবং স্বাস্থ্য ও আয়ুতে ১২২তম। তবে প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশ এই সূচকের সবচেয়ে সেরা সাফল্য অর্জনকারী দেশ। আর মাধ্যমিক শিক্ষায় অন্তর্ভুক্তিতে শীর্ষ ১০টির একটি। আবার স্বাস্থ্যসম্মত জীবনের প্রত্যাশা—এ পরিমাপকে নিম্নতম ২০টি দেশের একটিও বাংলাদেশ।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সেরা অর্জন নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে ২১ বছরই রাষ্ট্রের শীর্ষ পদে নেতৃত্ব দিয়েছেন নারীরা। তবে প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবস্থাপক পদে থাকা ও প্রতিষ্ঠানের মালিকানা অর্জনের দিক থেকে বাংলাদেশ নিচের দেশগুলোর একটি।
রাজনৈতিক পরিমাপকে নারী-পুরুষের মধ্যে বৈষম্য কম, এমন দেশের তালিকায় বাংলাদেশের ওপরে রয়েছে যথাক্রমে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, ডেনমার্ক, রুয়ান্ডা, সুইডেন, নিকারাগুয়া, নরওয়ে, ফিনল্যান্ড ও আইসল্যান্ড। এ পরিমাপকে ভারতের অবস্থান ১৫তম। যুক্তরাজ্যের স্থান ৩৩তম ও যুক্তরাষ্ট্রের স্থান ৫৪তম।
সার্বিকভাবে লিঙ্গবৈষম্য হ্রাসের তালিকায় শীর্ষস্থানে রয়েছে আইসল্যান্ড। এ তালিকায় প্রথম ১০টি দেশের বাকিগুলো হলো ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, নিকারাগুয়া, রুয়ান্ডা, আয়ারল্যান্ড, ফিলিপাইন ও বেলজিয়াম।
সার্বিক সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৬৮তম হলেও এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সার্কভুক্ত দেশগুলোকে পেছনে ফেলে বাংলাদেশের এ অবস্থান অষ্টম। এ সূচকে ভারত ১১৪তম, পাকিস্তান ১৪১তম, নেপাল ১১২তম, ভুটান ১২০তম, মালদ্বীপ ১০৫তম ও শ্রীলঙ্কা ৭৯তম অবস্থানে রয়েছে।
ডব্লিউইএফ বলেছে, রাজনীতিতে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ এবং তাঁদের কর্মশক্তিতে পরিণত হওয়ার কারণেই বিশ্বে গত ১০ বছরে নারী-পুরুষের বৈষম্য কমে এসেছে। এ ক্ষেত্রে অনেক দেশেই পরিবর্তন হয়েছে উল্লেখযোগ্য হারে।
প্রতিবেদনের রচয়িতা সাদিয়া জাহিদি বলেন, গত এক দশকে ৪৯টি দেশে আরও বেশি সংখ্যায় নারী ও পুরুষ যোগ দিয়েছেন শ্রমবাজারে। পুরুষের তুলনায় যোগ দেওয়ার হার নারীদেরই বেশি। পার্লামেন্টে বিশ্বজুড়ে এই সময়ে নারী প্রতিনিধিত্ব বেড়েছে ২৬ শতাংশ। মন্ত্রিসভায় নারীদের সংখ্যা বেড়েছে ৫০ শতাংশ। এটা অর্থনীতি ও জাতীয় সংস্কৃতিতে এক বিরাট পরিবর্তন।