হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি প্রচারে যাননি খালেদা
বারবার হামলার মুখে পড়ার পর গতকাল বৃহস্পতিবার আর নির্বাচনী প্রচারে নামেননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে বলা হয়েছে, তিন দিনের হামলায় খালেদা জিয়ার গাড়িসহ নিরাপত্তাকর্মীদের গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ি-সংকটের কারণে খালেদা জিয়া বের হননি।
গত সোম, মঙ্গল ও বুধবার পর পর তিন দিন কারওয়ান বাজার, ফকিরাপুল ও বাংলামোটর এলাকায় হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর। এর আগে রোববার উত্তরায় তিনি নির্বাচনী প্রচারে গিয়ে সরকার-সমর্থকদের বাধার মুখে পড়েন।
চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রথম আলোকে বলেন, তিন দিনের হামলায় বিএনপির চেয়ারপারসনের নিজের গাড়িসহ নিরাপত্তাকর্মীদের গাড়িগুলো ভাঙচুর হয়েছে। সেগুলো মেরামতে দেওয়া হয়েছে। যে কারণে আজ (বৃহস্পতিবার) খালেদা জিয়া প্রচারে নামতে পারেননি।
কারওয়ান বাজারে প্রথম দিনের হামলায় খালেদা জিয়ার অতিরিক্ত গাড়িসহ (স্পেয়ার কার) নিরাপত্তাকর্মীদের তিনটি গাড়ি এলোপাতাড়ি ভাঙচুর করা হয়। খালেদার গাড়ির সামনের দিকের ডান পাশের কাচও ফেটে যায়। ভাঙা গাড়িগুলো নিয়েই পরদিন মঙ্গলবার প্রচারে নামেন তিনি। সেদিনও ফকিরাপুল এলাকায় তাঁর গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরদিন বুধবার বাংলামোটরে সরাসরি খালেদা জিয়ার গাড়িতেই হামলা হয়। তাঁর গাড়ির পেছনের দিকে বাঁ পাশের কাচ ভেঙে যায়। এদিনও নিরাপত্তাকর্মীদের ভাঙা গাড়িগুলো এবং আরও দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এসব হামলায় গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের (সিএসএফ) ছয়-সাতজন আহত হন।
দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সরকারদলীয় ক্যাডাররা প্রতিকূলতা তৈরি করছে। তার পরও বিএনপি নির্বাচনে থাকার পক্ষে। জনগণ বিএনপির সঙ্গে আছে। তারা জবাব দেবে।
গুম, গ্রেপ্তার ও হামলার অভিযোগ: গতকাল এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হাসান শাহ অভিযোগ করেন, ঢাকা দক্ষিণে মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণার শুরু থেকে এ পর্যন্ত ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় ২৯ জন আহত হয়েছেন। কামরাঙ্গীরচর, মান্ডা, ফকিরাপুল, শাহবাগ, আশরাফাবাদ, মুগদা, জিগাতলা বাজার, শহীদবাগ, শিববাড়ি, পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারসহ ১০টি এলাকায় নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে।
হান্নান শাহ বলেন, চকবাজার থানা বিএনপির নেতা ভ্লাদিমির ইলিচকে (লেলিন) চার দিন আগে তাঁর বাসা থেকে ধরে নিয়ে যায় পুলিশ। এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। গ্রেপ্তার করা হয়েছে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাকিলকে। তিনি অভিযোগ করেন, প্রচারপত্র, মাইক, ব্যানার, পোস্টার ছিনিয়ে নেওয়ার ঘটনা প্রতিদিনই ঘটছে। এসব ঘটনা নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসারের কার্যালয় ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। কিন্তু দিন দিন এসব ঘটনা বেড়েই চলেছে।