ছাত্র নিহত, মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় বন্ধ
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আগামী শুক্রবার থেকে আট দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ বুধবার দুপুরে সংঘর্ষের ওই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে সন্ধ্যায় সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় আট দিনের জন্য বন্ধের সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীদের কাল বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাজনীতিমুক্ত এ বিশ্ববিদ্যালয়ে অপরাধ তত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের (স্নাতকোত্তর) ছাত্র মোশারফ হোসেন নিজেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে ব্যানার টাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে আসছিলেন। সম্প্রতি মনিরুল ইসলামের নেতৃত্বে মোশারফ হোসেনবিরোধী একটি পক্ষ সক্রিয় হয়ে ওঠে।
গত শনিবার রাতে মোশারফ পক্ষের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন ছাত্রাবাসে হামলা চালিয়ে মনিরুল পক্ষের কর্মীদের মারধর করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোশারফ পক্ষের রাশেদুল ইসলাম বাঁধন নামক এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করে এবং অপর পাঁচ ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে মনিরুল পক্ষের ছেলেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটকে অবস্থান নেন। তারা আবদুল মান্নান হলে ঢুকে মোশারফ হোসেনকে কুপিয়ে ও বেদম পিটিয়ে আহত করেন। এরপর ক্যাফেটেরিয়ার সামনে ফয়সাল হোসেন ও রাশেদুল ইসলামকে পিটিয়ে আহত করে। এ খবর পেয়ে মোশারফ পক্ষের ছাত্ররা একত্র হয়ে মনিরুল পক্ষের ছাত্রদের ধাওয়া করেন। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দুই প্লাটুন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মোশারফ হোসেন ও ফয়সাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। মোশারফের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সন্ধ্যায় উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জরুরি সভায় বসে। সেখানে বিশ্ববিদ্যালয় আগামী শুক্রবার ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত আট দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হয়। কাল বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হলো ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ও শুক্রবার বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক বন্ধ।
পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খাদেমুল ইসলাম মোশারফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইনগত এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
খাদেমুল ইসলাম আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার থেকে আট দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হয়েছে। কাল বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হলো ছাড়তে বলা হয়েছে।