সিরাজ-লতিফ-আকরামের মামলার রায় যেকোনো দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাটের শেখ সিরাজুল হক, আবদুল লতিফ তালুকদার ও খান মো. আকরাম হোসেনের বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষ হয়েছে। যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার এ মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন। গতকাল এ মামলার কার্যক্রমের শেষ দিনে চূড়ান্ত যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। সঙ্গে ছিলেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাইয়েদুল হক ও মোশফেক কবীর। সিরাজুল হকের পক্ষে ছিলেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান। লতিফ ও আকরামের পক্ষে ছিলেন আইনজীবী এম সারওয়ার হোসেন।
অভিযোগ গঠনের আদেশ অনুসারে, মুক্তিযুদ্ধকালে সিরাজ মাস্টার নামে পরিচিত সিরাজুল হক ছিলেন তৎকালীন বাগেরহাট মহকুমা রাজাকার বাহিনীর ডেপুটি কমান্ডার। লতিফ ও আকরাম বাগেরহাট রাজাকার বাহিনীর সদস্য ছিলেন।
সাত অভিযোগ: প্রথম অভিযোগে বলা হয়, একাত্তরের ১৩ মে সিরাজ মাস্টারের নেতৃত্বে রাজাকার বাহিনী বাগেরহাটের রণজিৎপুর গ্রামে হামলা চালিয়ে ঘরবাড়ি লুট ও অগ্নিসংযোগ করে। এ সময় ৪০-৫০ জন হিন্দুকে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগ অনুসারে, মুক্তিযুদ্ধকালে ভারতের শরণার্থীশিবিরে যাওয়ার জন্য বাগেরহাটের রামপাল উপজেলার ডাকরা গ্রামের কালীমন্দিরে দুই-তিন হাজার হিন্দু জড়ো হয়েছিলেন। ২১ মে সিরাজ মাস্টারের নেতৃত্বে রাজাকাররা ওই হিন্দুদের ওপর হামলা চালালে ৬০০-৭০০ জন গণহত্যার শিকার হন।
তৃতীয় অভিযোগ, একাত্তরের ১৮ জুন সিরাজ মাস্টারের নেতৃত্বে রাজাকার ও পাকিস্তানি সেনারা বাগেরহাট সদর উপজেলার বেসরগাতী, কান্দাপাড়া ও কান্দাপাড়া বাজার এলাকার ২০ জনকে অপহরণের পর আটকে রেখে নির্যাতন করে। তাঁদের মধ্যে ১৯ জনকে হত্যা করা হয়, একজন ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। চতুর্থ অভিযোগ, ১৪ অক্টোবর সদর উপজেলার চুলকাঠি, চুলকাঠি বাজার ও ঘনশ্যামপুরে হামলা চালিয়ে ৫০টি ঘর লুট ও অগ্নিসংযোগ করা হয়। সিরাজের নেতৃত্বে রাজাকাররা সাতজনকে হত্যা করে।
পঞ্চম অভিযোগ, ৫ নভেম্বর সিরাজুল হক, লতিফ ও আকরামের নেতৃত্বে রাজাকাররা বাগেরহাটের কচুয়া উপজেলার শাখারীকাঠিতে হামলা চালিয়ে ৪২ জনকে আটক করে। পরে আটককৃতদের নির্যাতন ও হত্যা করা হয়। অনেক বাড়ির মালামাল লুট করে ঘরে আগুন দেওয়া হয়। ষষ্ঠ অভিযোগ, ২২ অক্টোবর সিরাজ-লতিফ-আকরামের নেতৃত্বে রাজাকাররা কচুয়া সদরের বিভিন্ন গ্রাম থেকে পাঁচজনকে আটক করে নির্যাতন ও হত্যা করে। সপ্তম অভিযোগ, ১৩ ডিসেম্বর লতিফ ও আকরামের নেতৃত্বে রাজাকাররা মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতীতে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান শিকদারকে আটক, নির্যাতন ও হত্যা করে।