বাসার সবাইকে বেঁধে পিডিবির সাবেক চেয়ারম্যানকে হত্যা

রাজধানীর মধ্য বাড্ডায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান মুহম্মদ খিজির খানকে (৬৫) গতকাল সোমবার নিজ বাসায় গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলেছে, সন্ধ্যায় বাসার সবাইকে বেঁধে তাঁকে দুর্বৃত্তরা হত্যা করে।
ছয়তলা বাড়ির দোতলায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায় বলেন, খিজির খানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, ছয়-সাতজন ব্যক্তি এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি বলেন, খিজির খান তরিকাপন্থী ছিলেন। বাড়ির তৃতীয় তলায় তিনি পরিবার নিয়ে থাকতেন। দোতলায় তাঁর ‘রহমতিয়া খানকাহ শরিফ’ (ঢাকা শাখা)। এই খানকাহ শরিফের পির ছিলেন তিনি।
এই হত্যার সঙ্গে বেসরকারি টিভি চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নূরুল ইসলাম ফারুকী হত্যার কোনো মিল আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কৃষ্ণপদ রায় বলেন, আলামত সংগ্রহ করা হচ্ছে, হত্যার কারণ নির্ণয়ের চেষ্টা চলছে।
খিজির খানের গাড়িচালক মোস্তফা ও খানকাহ শরিফের কর্মী আমেনা বলেন, সন্ধ্যা সাতটার দিকে ৮-১০ জন ব্যক্তি তিনতলায় যায়। তাদের তিনজন সিঁড়িতে ছিল। বাকিরা তিনতলার ফটকে গিয়ে খিজির খানের সঙ্গে কথা বলতে চায়। তিনি দোতলায় আছেন জানালে তারা দোতলায় যায়। তারা খিজির খানের সঙ্গে কথা বলে। একপর্যায়ে আমেনা অজুখানার সামনে থেকে দেখেন, তারা খিজির খানকে বেঁধে মেঝেতে শুইয়ে রেখেছে। আমেনা চিৎকার দিলে তিনতলা থেকে খিজির খানের স্ত্রী রুবি নাতিকে নিয়ে দোতলায় আসেন। এ সময় ওই ব্যক্তিদের মধ্যে তিনজন তিনতলায় ওঠে। দোতলায় থাকা ব্যক্তিরা সালাম দিয়ে রুবি ও তাঁর নাতিকে ভেতরে ঢুকিয়ে হাত-পা-চোখ বেঁধে ফেলে। আমেনারও হাত-পা-চোখ বাঁধা হয়। পরে খিজির খানকে ওজুখানায় নিয়ে গলা কেটে হত্যা করে। বেশ কিছুক্ষণ পর লাগোয়া বাড়ি থেকে দারোয়ান এসে তাঁদের বাঁধন খোলেন। পরে তাঁরা তিনতলায় গিয়ে দেখেন, খিজির খানের পুত্রবধূসহ অন্য সদস্যদেরও হাত-পা-চোখ বাঁধা। তাঁদের বাঁধন খুলে তাঁরা চিৎকার শুরু করেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ওই ব্যক্তিরা বাড়িতে আসার আগে খিজির খানের ছোট ছেলে আহমেদ উল্লাহ বাড়ির বাইরে যান। তিনি খবর পেয়ে বাড়িতে আসেন।
আমেনা ও মোস্তফা বলেন, যে ব্যক্তিরা এসেছিল তারা রোববার এসে বাড়ির নিচতলা ভাড়া নেওয়ার জন্য পাঁচ হাজার টাকা অগ্রিম দিয়ে গিয়েছিল। ওই ব্যক্তিদের মধ্যে দু-তিনজনের বয়স ২৫ বছরের মতো, বাকিদের ৩০-৩৫।
রাতে ওই বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ফলে পরিবারের সদস্যদের সঙ্গে সাংবাদিকেরা কথা বলতে পারেননি। সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন।
খিজির খানের দুই ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে মতিউর রহমান কম্পিউটার প্রকৌশলী। তিনি পিডিবিতে কর্মরত। ছোট ছেলে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী। দুই মেয়ে রাবেয়া খাতুন ও রাহেলা খাতুন। খিজির খানের আত্মীয় তৌহিদুল ইসলাম ও মুরিদ নূরুস সালাম প্রথম আলোকে বলেন, খানকাহ শরিফে প্রতি বৃহস্পতিবার জিকির ও দোয়া হতো। খিজির খান তা পরিচালনা করতেন। কাউকে তিনি দাওয়াত দিতেন না, নিজে থেকেই লোকজন সেখানে যেত।
কুষ্টিয়া অফিস জানায়, খিজির খানের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর চর গ্রামে। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তাঁর ছোট ভাই ইলিয়াস হোসেন দৌলতপুর ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান। রাতে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, খবর পেয়ে বাড়ির লোকজন মূর্ছা যাচ্ছে। বাড়ির কয়েকজন ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। তিনি বলেন, ‘ভাই ধর্ম নিয়ে কথা বলতেন। একটু পির বেশে থাকতেন। খুবই ভালো মানুষ ছিলেন। ভাইয়ের কোনো শত্রু থাকতে পারে বলে মনে হয় না।’
ইলিয়াস হোসেন বলেন, লাশ গ্রামের বাড়িতে নিয়ে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।