শিয়া মসজিদে হামলার ঘটনা তদন্তে পুলিশের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় শিয়া মসজিদে হামলার ঘটনার পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। ঘটনার তদন্তকাজে ও গ্রেপ্তার করা আসামিদের জিজ্ঞাসাবাদে সহায়তার জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলকে প্রধান করে ওই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর) আল আসাদ মো. মাহফুজ, সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) সাব্বির শরফরাজ, ডিবির ওসি আমিরুল ইসলাম এবং শিবগঞ্জ থানার ওসি এসএম আহসান হাবিব।
আজ রোববার বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনাটি আলোচিত। একজন তদন্ত কর্মকর্তার মাধ্যমে এ ঘটনাটি তদন্ত করা কঠিন। তাই তদন্তকাজে সহায়তা ও আসামিদের জিজ্ঞাসাবাদের ব্যাপারে সহযোগিতার জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার চককানু গ্রামের একটি শিয়া মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে একজন নিহত ও তিনজন আহত হন। এ ঘটনায় মসজিদের কোষাধ্যক্ষ সোনা মিয়া বাদী হয়ে শিবগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর পুলিশ নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য আনোয়ার হোসেন (৫৫), একটি মাদ্রাসার ছাত্র জুয়েল মিয়া (২০) এবং একটি কওমি মাদ্রাসার অধ্যক্ষ শামসুল ইসলামকে (৬০) গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা বর্তমানে রিমান্ডে আছেন।

আরও পড়ুন: