
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলে তাঁর পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেছে আসামিপক্ষ।
গতকাল বুধবার আসামিপক্ষ যুক্তি উপস্থাপনকালে সাজা কমানোর যে আরজি জানিয়েছে, তা নিয়ে দুই ধরনের ব্যাখ্যা এসেছে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, সাবমিশন (যুক্তি) শুনে তাঁর মনে হয়েছে, নিজামী তাঁর দোষ স্বীকার করে নিয়েছেন এবং এ জন্য তিনি শুধু সর্বোচ্চ সাজা থেকে অব্যাহতি চেয়েছেন। তবে নিজামীর আইনজীবী বলেছেন, দোষ স্বীকার করে সাজা কমানোর কোনো আরজি তাঁরা আদালতে দেননি। এটা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের শেষ দিনে নিজামীর পক্ষে যুক্তি তুলে ধরেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
নিজামীর আপিলের ওপর গতকাল টানা তৃতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করে আসামিপক্ষ। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘ওনাদের (আসামিপক্ষ) সাবমিশন আমি যা বুঝেছি, তাতে আমার মনে হলো, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাঁদের শীর্ষ আইনজীবীরা এই প্রথম তাঁদের অভিযুক্ত একজন নেতা যে অপরাধী, তা তাঁরা স্বীকার করে নিলেন এবং শুধু মৃত্যুদণ্ডের হাত থেকে অব্যাহতি পাওয়ার জন্য আবেদন করলেন। এটা আমি যা বুঝেছি সেটাই আপনাদের বললাম।’
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘তাঁদের শীর্ষ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এটা তো ঐতিহাসিক সত্য যে খুন বা মানুষ হত্যা এগুলো হয়েছে। এতে সহযোগিতা করেছে সেই সময়ের জামায়াতে ইসলামী। মতিউর রহমান নিজামী তাঁর বিশ্বাস থেকেই এগুলো সমর্থন করেছেন। শেষ মুহূর্তে তিনি (খন্দকার মাহবুব) বলেছেন, এগুলো যদি (নিজামী) করেও থাকেন, তবু বয়সের কথা চিন্তা করে তাঁকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করছি।’
মাহবুবে আলম অবশ্য আরও বলেন, ফৌজদারি মামলায় আসামি সব সময় বিকল্প যুক্তি দিতে পারে। তারা ঘটনার ব্যাপারে প্রথমে অস্বীকার করে পরে বিকল্পভাবে বলতে পারে, ‘হ্যাঁ সেগুলো করেছি ঠিকই, তারপরও আমি মৃত্যুদণ্ড থেকে রক্ষা পেতে চাই।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাজা বাড়ানো-কমানো আদালতের বিষয়। তবে সাজা কমবে বলে আমি বিশ্বাস করি না।’
তবে অ্যাটর্নি জেনারেলের এ ব্যাখ্যার সঙ্গে একমত নন খন্দকার মাহবুব হোসেন। অপরাধ স্বীকার করে নিজামীর পক্ষে সাজা কমানোর আরজি জানিয়েছেন কি না—জানতে চাইলে গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কোনো বক্তব্য আমি দিইনি। দুর্ভাগ্যজনকভাবে আমার সাবমিশন ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।’
বিস্তারিত ব্যাখ্যা দিয়ে খন্দকার মাহবুব বলেন, ‘আমি আদালতে বলেছি, নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যেসব সাক্ষ্য-প্রমাণ এনেছে, তা বিশ্বাসযোগ্য নয়। রাষ্ট্রপক্ষ সেফহোমে সাক্ষীদের রেখে, তাদের শিখিয়ে আদালতে উপস্থাপন করেছে। এসব শেখানো সাক্ষ্য কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়, এতে তাঁর বিরুদ্ধে আনা অপরাধের অভিযোগ প্রমাণিত হয় না। তারপরও যদি কোনো সাক্ষ্য-প্রমাণ আদালতের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়, এর ভিত্তিতে যদি তাঁকে (নিজামী) দোষী সাব্যস্ত করা হয়, তবে বয়স, স্বাস্থ্য ও ভালো ব্যবহার বিবেচনা করে যেন তাঁকে চরম দণ্ড দেওয়া না হয়। অ্যাটর্নি জেনারেল আমার সাবমিশন ভুলভাবে ব্যাখ্যা করেছেন। এটা দুর্ভাগ্যজনক।’
এদিকে নিজামীর আইনজীবী দলের পক্ষে সাইফুর রহমান গত রাতে এক প্রতিবাদপত্রে বলেছেন, আসামিপক্ষের আইনজীবীরা তিন দিন ধরে ২৭১ পৃষ্ঠার লিখিত যুক্তি আদালতে উপস্থাপন করেছেন। এতে নিজামীকে নির্দোষ দাবি করে খালাস চাওয়া হয়েছে। কোথাও কোনোভাবে নিজামীর দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ার বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়নি।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে গত বছরের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে গঠন করা ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এর মধ্যে চারটি অভিযোগে তাঁকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়। রায়ে ট্রাইব্যুনাল বলেন, নিজামী ছিলেন জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘের সভাপতি। ছাত্র সংঘই পরে আলবদর বাহিনীতে পরিণত হয়, আর গুপ্তঘাতক আলবদর বাহিনীই মুক্তিযুদ্ধের শেষ দিকে পাকিস্তানি সেনাদের সঙ্গে মিলে বুদ্ধিজীবী নিধন চালায়। আলবদর বাহিনীর অপরাধ ও কৃতকর্মের দায়দায়িত্ব নেতা হিসেবে নিজামীর ওপর বর্তায়।
ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে আপিল করেন নিজামী। গত ৯ সেপ্টেম্বর আপিলের শুনানি শুরু হয়। এরই ধারাবাহিকতায় গতকাল আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করল। আদালতের বেঁধে দেওয়া সময় অনুসারে ৭ ডিসেম্বর যুক্তি দেবে রাষ্ট্রপক্ষ। ৮ ডিসেম্বর ওই যুক্তি খণ্ডন করবে আসামিপক্ষ। আর এর মধ্য দিয়েই এই আপিলের শুনানি শেষ হবে।
পাকিস্তানি সেনারা থাকতে পারত তিন মাস: গতকাল যুক্তি উপস্থাপনের সময় খন্দকার মাহবুব হোসেন বলেন, আলবদর বাহিনীর অপরাধের দায়দায়িত্ব নিজামীর কাঁধে পড়ে না। কারণ, একাত্তরের ৩০ সেপ্টেম্বরের পর নিজামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন না। ছাত্র সংঘ রূপান্তরিত হয়ে আলবদর বাহিনীতে পরিণত হয় এবং ছাত্র সংঘের প্রধান হিসেবে আলবদরের প্রধান ছিলেন নিজামী—এ যুক্তি ৩০ সেপ্টেম্বরের পর খাটে না। আর বুদ্ধিজীবী হত্যাকাণ্ড আরও পরের ঘটনা।
খন্দকার মাহবুব বলেন, পাকিস্তানি সেনাদের এ দেশে পথ দেখাত পুলিশ ও গোয়েন্দা সংস্থা। নিজামীর মতো ছাত্ররা পথ দেখাল আর পাকিস্তানি সেনারা সেখানে গেল, এটা হতে পারে না।
শুনানির একপর্যায়ে আদালত বলেন, তারা (কোলাবরেটর) যদি সমর্থন না করত, তাহলে পাকিস্তানি সেনারা এ দেশে ১০ মাস কেন, তিন মাসও থাকতে পারত না।
‘বিএনপি বুদ্ধিমানের মতো কাজ করেছে’: অ্যাটর্নি জেনারেল গতকাল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তান যেসব ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছে, তার প্রতিবাদ জানিয়ে বিএনপি বুদ্ধিমানের মতো কাজ করেছে। না হলে তারা (বিএনপি) নিশ্চিহ্ন হয়ে যেত।
গত মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, যুদ্ধাপরাধ এবং মুক্তিযুদ্ধে গণহত্যা সত্য। পাকিস্তান এটিকে অস্বীকার করতে পারে না। পাকিস্তানি বাহিনী গণহত্যা ও নৃশংসতা চালিয়েছে, এটি এখন কোনোভাবেই লুকানো সম্ভব নয়।