কিছু লঞ্চ চলেছে, বন্দরে পণ্য খালাস হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌযানশ্রমিকদের কয়েকটি সংগঠনের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে কিছু লঞ্চ চলাচল করেছে। গতকাল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বেলা ১১টায় তোলা ছবি l প্রথম আলো
নৌযানশ্রমিকদের কয়েকটি সংগঠনের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে কিছু লঞ্চ চলাচল করেছে। গতকাল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বেলা ১১টায় তোলা ছবি l প্রথম আলো

নৌযানশ্রমিকদের কয়েকটি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিনে গতকাল বুধবারও লঞ্চ চলাচল কার্যত বন্ধ ছিল। কিছু গন্তব্যে হাতে গোনা কয়েকটি লঞ্চ চললেও যাত্রীদের, বিশেষ করে দক্ষিণাঞ্চলের যাত্রীদের দুর্ভোগ কমেনি।
ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। অন্যান্য বন্দরেও পণ্য খালাস-বোঝাই বন্ধ রয়েছে।
চট্টগ্রাম বন্দর ও লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কর্মকর্তারা বলেছেন, সারা দেশের নৌপথে প্রায় ১৩ লাখ টন পণ্য আটকা পড়েছে। এর মধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৩৫টি বড় জাহাজে এবং দেশের অন্যান্য ঘাট এলাকায় ৬১১টি জাহাজে এসব পণ্য আটকা রয়েছে।
গত সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘটী সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। ফেডারেশনের সভাপতি শাহ আলম গতকাল প্রথম আলোকে বলেন, ‘১৫ দফা দাবিতে আমরা আন্দোলন করছি। তবে মূল চারটি দাবি হলো—নৌযানশ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি, নৌদুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ নিশ্চিত করা, নদীপথে সন্ত্রাস-চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ করা ও নৌপথের নাব্যতা বাড়ানো। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।’
এ নিয়ে চলতি বছর তিনবার ধর্মঘট করছেন নৌযানশ্রমিকেরা। গত ২০ জানুয়ারি প্রথম দফায় ধর্মঘট করেন তাঁরা। দাবি পূরণ না হওয়ায় ২০ মার্চ দ্বিতীয় দফায় ও ২২ আগস্ট তৃতীয় দফায় ধর্মঘট ডাকা হয়।
এদিকে সংকট সমাধানে শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিয়া আবদুল্লাহ মামুনের সভাপতিত্বে গতকাল সন্ধ্যায় রাজধানীর শ্রম ভবনে নৌপরিবহনের মালিক ও শ্রমিকদের বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বৈঠকে মালিকপক্ষ আসেনি। পরে শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠক হলেও ধর্মঘট প্রত্যাহার হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে মিয়া আবদুল্লাহ মামুন বলেন, সামনে ঈদ, মানুষের যাতে দুর্ভোগ না হয়, সে জন্য শ্রমিকনেতাদের ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে। দাবি-দাওয়া বিষয়ে আলাপ-আলোচনা করেই ফয়সালা করতে হবে। বৃহস্পতিবার (আজ) মালিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রথম আলোর কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ধর্মঘটের দ্বিতীয় দিনে গতকাল ভোর ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে মাত্র ২২টি লঞ্চ ঢাকার সদরঘাটে এসে ভিড়েছে। সকাল থেকে ওই সময় পর্যন্ত ছেড়ে গেছে ছয়টি। যাত্রী ছিল তুলনামূলকভাবে কম। ঢাকা নদীবন্দরের নৌযান পরিদর্শক দীনেশ কুমার সাহা এ তথ্য জানান।
কিছু লঞ্চ চলাচল করা প্রসঙ্গে বাংলাদেশ নৌযানশ্রমিক ফেডারেশনের সভাপতি প্রথম আলোকে বলেন, ‘আমাদের ধর্মঘট চলছে। যেসব লঞ্চ ছেড়ে গেছে, সেগুলো নৌযানশ্রমিক ফেডারেশনের সম্পৃক্ত না।’
সদরঘাট টার্মিনালে বরিশাল নৌপথের বেশ কয়েকজন যাত্রীকে লঞ্চ না থাকায় পন্টুনে অপেক্ষা করতে দেখা গেছে। বরিশাল সদরের বাসিন্দা রিয়াজ উদ্দিন দুপুর ১২টার দিকে বলেন, ‘শুনেছি, সকালে লঞ্চ ছাড়বে, তাই এসে বসে আছি। কয়েকটা লঞ্চ না-কি চলে গেছে। বাকিগুলো এখনো ছাড়েনি। বিকেলে ছাড়বে বলে শুনেছি। অপেক্ষা করছি।’ স্বরূপকাঠিগামী যাত্রী মোহাম্মদ শাকিল বলেন, ‘বেলা ১১টার দিকে গাজীপুর থেকে টার্মিনালে এসেছি। যখন লঞ্চ ছাড়বে, তখন যাব। তবে কখন লঞ্চ ছাড়বে, তা বলা যাচ্ছে না।’
বরিশাল অফিস জানায়, ধর্মঘটের মধ্যে গতকাল ঢাকা-বরিশাল নৌপথে বিলাসবহুল যাত্রীবাহী কয়েকটি লঞ্চ চলেছে। তবে দক্ষিণাঞ্চলের অন্যান্য পথে কোনো লঞ্চ চলেনি। একই সঙ্গে বন্ধ ছিল তেলবাহী ট্যাংকার, বালুবাহী বাল্কহেডসহ সব ধরনের নৌযান চলাচল। দাবি আদায়ে গতকালও দিনভর বরিশাল নৌবন্দরে বিক্ষোভ করেন নৌশ্রমিকেরা।
বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নৌযান শ্রমিকদের বেতন আগের চেয়ে বাড়ানো হয়েছে। তারপরও তাঁরা ধর্মঘট ডেকেছেন। অন্যান্য পথের লঞ্চ বন্ধ থাকলেও যাত্রীদের কথা বিবেচনায় ঢাকা-বরিশাল পথে চারটি লঞ্চ চলাচল করছে।’
এ ব্যাপারে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ও নৌযানশ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক একিন আলী বলেন, ‘দু-একটা লঞ্চ চললেই ধর্মঘট শেষ হয়ে যায় না। সারা দেশে দুই লাখের বেশি নৌযানশ্রমিক রয়েছেন।’
ধর্মঘটে গতকালও বরিশালের অভ্যন্তরীণ নৌপথের যাত্রীরা দুর্ভোগে পড়েন। তবে নৌবন্দরে যাত্রীর ভিড় ছিল প্রথম দিনের চেয়ে কম। অনেকে ছোট ট্রলার বা স্পিডবোটে করে গন্তব্যে যান।