অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের বাগাদী গণি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনকে (৪২) কারাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার ফি দিতে না পাড়ায় শাস্তির ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী সাথী আক্তারের (১৪) আত্মহত্যার মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, শিক্ষক আলাউদ্দিনকে গতকাল বুধবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সৈয়দ মো. কায়সার মোশারফ ইউসুফের আদালতে হাজির করা হয়। বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলায় অভিযুক্ত বাকি তিন শিক্ষকের বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, স্কুলটিতে স্বাভাবিক কার্যক্রম ও পরীক্ষা শুরু হলেও এলাকার অবস্থা এখনো থমথমে।

এদিকে সাথীর আত্মহত্যা নিয়ে এলাকায় ক্ষোভ সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে শিক্ষাসচিব সোহরাব হোসেন আজ বৃহস্পতিবার চাঁদপুর আসছেন। তিনি সাথীর পরিবারের সঙ্গে কথা বলবেন ও তাঁর বিদ্যালয়ে যাবেন বলে জানান জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল।

শিক্ষক মো. আলাউদ্দিন গত রোববার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাথীসহ আরও কয়েকজন শিক্ষার্থীকে পরীক্ষার ফি পরিশোধ না করায় রোদের মধ্যে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে সাথী বিদ্যালয়ে যাওয়ার সময় মায়ের কাছে ফির বাকি ৮০ টাকা চাইলে তিনি তা দিতে পারেননি। এরপর সাথী বিদ্যালয়ে না গিয়ে দুপুরেই গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ খবর শোনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করেন।

মেয়ের আত্মহত্যার ঘটনায় বাগাদী ইউনিয়নের মধ্য বাগাদী গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করে সোমবার রাতে চাঁদপুর মডেল থানায় চার শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন সহকারী শিক্ষক ফাতেমা বেগম, জাহাঙ্গীর হোসেন ও মো. জাকির।