অ্যাম্বুলেন্স ও কম্পিউটার দিল স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
স্টেট ব্যাংক অব ইন্ডিয়া নোয়াখালীর একটি হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স এবং চট্টগ্রামের স্কুলে কম্পিউটার দিয়েছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান বিকাশ গোয়েল গতকাল বুধবার ঢাকা ও চট্টগ্রামে পৃথক অনুষ্ঠানে এই উপহার তুলে দেন। গোয়েল ১২ থেকে ১৬ নভেম্বর বাংলাদেশ সফর করেন। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল ঢাকা ও চট্টগ্রামের উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকাশ গোয়েল। তিনি গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস, ও ট্রাস্টি অধ্যাপক কামরুল হাসান খানের হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। ঢাকায় এ অনুষ্ঠানে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি হেড শ্রী অমিত কুমার এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সফরের সময় বিকাশ গোয়েল বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশে ভারতের হাইকমিশনার, বিএফআইইউ–বাংলাদেশের প্রধান, ব্যাংকিং শিল্প ও ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
ভারতের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, সম্প্রতি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় তাদের ব্যবসার উন্নতির জন্য ভারতের গান্ধী নগরের গিফট সিটিতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অফিস খুলেছে।
বিকাশ গোয়েল বলেন, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশের উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ১৯৭৫ সাল থেকে বাংলাদেশে কাজ করছে এবং বর্তমানে বাংলাদেশে তিনটি শাখা রয়েছে। এটি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বাংলাদেশে ১৫টি স্থানে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করে।