পঙ্কজ ভট্টাচার্য গুরুতর অসুস্থ
প্রবীণ রাজনীতিক ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গত সোমবার তাঁকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও অসুস্থ হয়ে পড়ায় গতকাল শনিবার সকালে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। পঙ্কজ ভট্টাচার্যের পারিবারিক সূত্র এ তথ্য জানিয়েছে।
পঙ্কজ ভট্টাচার্যের শ্বাসকষ্টের সমস্যা আছে। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর তিনি কয়েকবার নিউমোনিয়ায় আক্রান্ত হন। নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর গত সোমবার তাঁকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তাঁর ভায়রা ডা. মানস বসু। সেখানে তাঁকে প্রথমে আইসিইউতে রাখা হয়। গতকাল শনিবার সকালে তাঁকে ভেন্টিলেশনে নেওয়া হয়।
পঙ্কজ ভট্টাচার্যের শ্যালিকা বহ্নিশিখা দাশ পুরকায়স্থ আজ রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘পঙ্কজ ভট্টাচার্য এখনো ভেন্টিলেশনে আছেন। তাঁর চিকিৎসায় হাসপাতালে একটি বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশবাসীর কাছে তাঁর আরোগ্য কামনা করতে অনুরোধ জানাচ্ছি।’
পঙ্কজ ভট্টাচার্য ১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষাজীবন কেটেছে চট্টগ্রাম ও ঢাকায়। ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার কারণে ১৯৫৯ সালে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে বহিষ্কৃত হন। পঙ্কজ ভট্টাচার্য গত শতকের ষাট দশকের ছাত্র আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বাংলাদেশের সব আন্দোলন-সংগ্রামের প্রত্যক্ষদর্শী, একজন নেতৃস্থানীয় কর্মী ও সংগঠক।
১৯৬২ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও পরে কার্যকরী সভাপতি নির্বাচিত হন পঙ্কজ ভট্টাচার্য। তিনি ১৯৬৬ সালে ‘স্বাধীন বাংলা ষড়যন্ত্র’ মামলায় অভিযুক্ত হয়ে কারারুদ্ধ হন। মুক্তিযুদ্ধে ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টি গেরিলা বাহিনীর সংগঠক ছিলেন। স্বাধীনতার পর দীর্ঘদিন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৩ সালে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম গঠনের সময় তিনি ছিলেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতিমণ্ডলীর সদস্য। পরে সম্মিলিত ‘সামাজিক আন্দোলন’ নামে দেশের প্রগতিশীল-গণতান্ত্রিক মানুষের একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন। তিনি ঐক্য ন্যাপ নামক একটি রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে ছিলেন। অল্প বয়সে কৃতী ফুটবলার ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। লেখালেখি ও সংস্কৃতিচর্চায় বরাবর তাঁর আগ্রহ ছিল।
চলতি বছরের অমর একুশে বইমেলায় পঙ্কজ ভট্টাচার্যের লেখা আত্মজীবনীমূলক বই ‘আমার সেই সব দিন’ প্রকাশ করে প্রথমা প্রকাশন। বাংলাদেশের গত ছয় দশকের ঘটনাবহুল রাজনৈতিক ইতিহাসের একটি দলিল হিসেবে গণ্য করা হয় বইটিকে।