বন্ধুত্বের ‘ম্যাজিক্যাল মোমেন্টস’ শেয়ার করে বিজয়ীরা পুরস্কার পেলেন

প্রথম আলো ও প্রাণ ডেইরি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে ‘ম্যাজিক্যাল মোমেন্টস উইথ ফ্রেন্ডস’ আয়োজনের বিজয়ীরাছবি: প্রথম আলো

বিশ্ব বন্ধুত্ব দিবস উপলক্ষে আয়োজিত ‘ম্যাজিক্যাল মোমেন্টস উইথ ফ্রেন্ডস’ শীর্ষক ক্যাম্পেইনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার হস্তান্তর করা হয়। বিজয়ী ১০ জনের প্রত্যেকেই পেয়েছেন একটি করে ‘স্মার্ট ওয়াচ’ এবং প্রাণ মিল্ক ড্রিংকের গিফট বক্স।

গত বছর ‘বিশ্ব বন্ধুত্ব দিবস ২০২৫’ উপলক্ষে প্রাণ মিল্ক ড্রিংকের সৌজন্যে এবং প্রথম আলো ডটকমের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘ম্যাজিক্যাল মোমেন্টস উইথ ফ্রেন্ডস’ শীর্ষক ক্যাম্পেইন। এতে বিজয়ী হন ঢাকার সৈয়দ রাহাত হোসেন, আফসানা মিমি, তাসলিমা খান, মেহজাবিন স্নিগ্ধা, সাকিব মাহমুদ, তানজিলা কামাল ও জান্নাত খান, কিশোরগঞ্জের সৈয়দা তাওসিয়া হোসেন, রাজবাড়ীর আসিফ আবির খান এবং চট্টগ্রামের তানজিনা হোসেন।

বিজয়ীদের হাতে আজ পুরস্কার তুলে দেন প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন এবং প্রাণ ডেইরি লিমিটেডের উপমহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং সৈয়দ মুস্তাইন কাদের।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে শওকত হোসেন বলেন, ‘বন্ধুত্ব মানে পাশে থাকা, একে–অন্যের প্রয়োজনে এগিয়ে আসা। যাঁরা এ আয়োজনে বিজয়ী হয়েছেন তাঁদের বন্ধুত্ব সব সময় অটুট থাকুক। আর প্রাণের সঙ্গে প্রথম আলোর বন্ধুত্ব বেশ পুরোনো। বন্ধু যেমন পাশে থাকে, প্রাণের পণ্যও প্রায় সবার বাসায়ই কমবেশি থাকে।’

সৈয়দ মুস্তাইন কাদের বলেন, ‘বন্ধুত্বে যেমন বৈচিত্র্য থাকে, তেমনি প্রাণ মিল্ক ড্রিংকেও রয়েছে বিভিন্ন ফ্লেভার ও স্বাদ। এ জন্যই এটাকে আমরা বলছি “ম্যাজিক্যাল”। নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আমরা এই ক্যাম্পেইনটাকে বেছে নিয়েছি। আপনাদের বন্ধুত্বের সুন্দর উদ্‌যাপনের সঙ্গী হতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে এ ধরনের আয়োজনের সঙ্গে প্রাণ ডেইরি থাকতে ইচ্ছুক। এই আয়োজনে অংশ নেওয়া এবং বিজয়ী সবাইকে অভিনন্দন।’

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন এবং প্রাণ ডেইরি লিমিটেডের উপমহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং সৈয়দ মুস্তাইন কাদের
ছবি: প্রথম আলো

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা বন্ধুদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ভিডিও তৈরি করে পাঠান। সর্বোচ্চ এক মিনিট ব্যাপ্তির ভিডিওতে প্রাণ মিল্ক ড্রিংকের জিঙ্গেল মিউজিক ব্যবহার করার পাশাপাশি ছিল প্রাণ মিল্ক ড্রিংক কেনা বা পান করার দৃশ্যও।

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ঢাকার আফসানা মিমি। তিনি বলেন, ‘আমরা বন্ধুরা যখন একত্রিত হই, আমাদের আড্ডার পাশাপাশি নানা ধরনের ড্রিংকও থাকে। সেই ভাবনা থেকে আমি আমার স্বামীর সঙ্গে ভিডিওটা বানাই। বিয়ের আগে সে আমার বন্ধুই ছিল। প্রত্যাশা রইল, এমন আরও অনেক আয়োজন হবে, যাতে আমরা অংশ নিতে পারি।’

আরেকজন বিজয়ী ঢাকার সৈয়দ রাহাত হোসেন জানান ভিন্ন অভিজ্ঞতা। তাঁর স্ত্রী সব সময় বাদাম ও দুধ দিয়ে একটি বিশেষ পানীয় বাসায় তৈরি করেন, যা সময় ও পরিশ্রম সাপেক্ষ। এ ক্যাম্পেইন থেকে অনুপ্রাণিত হয়ে তিনি তাঁর স্ত্রীকে প্রাণ মিল্ক ড্রিংকের খোঁজ দেন। সেই গল্পই ভিডিওতে তুলে ধরেন তাঁরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণ ডেইরি লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার ফজলে এলাহী, প্রাণ–আরএফএল গ্রুপের ডিজিটাল মিডিয়া ম্যানেজার আসিফ ইকবাল এবং প্রথম আলোর ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, সহকারী ব্যবস্থাপক শাহাদাত হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী মহাব্যবস্থাপক (ডিজিটাল কনটেন্ট) খায়রুল বাবুই।