‘হঠাৎ’ এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসংগৃহীত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। তাঁদের সবাইকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ঢাকার বাইরে বিভিন্ন কলেজে সংযুক্ত করা হয়েছে।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। যদিও ‘হঠাৎ’ করে কেন তাঁদের বদলি করা হয়েছে, সে বিষয়ে কিছুই জানায়নি মন্ত্রণালয়। কেবল বলা হয়েছে ‘জনস্বার্থে’ এ আদেশ জারি করা হয়েছে। তবে আগামী শিক্ষাবর্ষের বিভিন্ন পাঠ্যবইয়ে ছবির ব্যবহার নিয়ে আলোচনার মধ্যেই তাঁদের সরিয়ে দেওয়া দেওয়া হলো। এর আগে গতকাল রোববার আরেক কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

আজ বদলি করা এনসিটিবি ৯ কর্মকর্তার মধ্যে মোহাম্মদ কামরুল হক ভূঞাকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, মো. আহসানুল আরেফিন চৌধুরীকে যশোরে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, মো. আবু হানিফকে রংপুরে সরকারি টিচার্স কলেজ, রেজাউল করিমকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, মোহাম্মদ হুমায়ুন কবীর, মো. মনির হোসেন মজুমদার ও আফসানা আইয়ুবকে শরীয়তপুরে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ, মাহমুদ বিন আমিনকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ এবং এম এম আসাদুজ্জামানকে লালমনিরহাট সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

বদলি করা এসব কর্মকর্তাকে ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়তে (অবমুক্ত হওয়া) বলা হয়েছে। অন্যথায় ২৯ অক্টোবর তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন