রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণে এক বাংলাদেশি শ্রমিক নিহত, আরেকজন নিখোঁজ

রাশিয়ার আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে বিস্ফোরণের পর আগুন লেগে যায়ছবি: রয়টার্স

রাশিয়ার আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে বিস্ফোরণে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে এক বাংলাদেশি। আহত হয়েছেন সাত বাংলাদেশি। গত মঙ্গলবার দেশটি আমুর অঞ্চলে ওই কমপ্লেক্সে গ্যাস বিস্ফোরণ হয়।

মস্কোয় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহত শ্রমিকের নাম জাকির হোসেন। তিনি কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিখোঁজ বাংলাদেশি শ্রমিকের নাম মো. আলাল হোসেন রাজু। তিনি মেহেরপুরের গাংনীর বাসিন্দা।

বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। মস্কোয় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ওই কমপ্লেক্সটি চীনের সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং গ্রুপের অধীনে পরিচালিত হয়। দুর্ঘটনায় কয়েকজনের মরদেহ এতটাই পুড়ে গেছে যে তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিখোঁজ আলাল হোসেনও এসব মরদেহের মধ্যে থাকতে পারেন।

দূতাবাস জানিয়েছে, আহত সাত বাংলাদেশি শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য আমুর থেকে মস্কোর একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে ছয়জন বর্তমানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। মস্কোয় নেওয়ার পর আহত শ্রমিকদের চিকিৎসার বিষয়টি বাংলাদেশ দূতাবাস দেখভাল করবে বলে জানিয়েছে।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের তথ্য ও সহায়তার জন্য দূতাবাস ২৪ ঘণ্টার হটলাইন চালু করেছে। ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের তথ্যের জন্য +৭৯১৬২৩২৩০১৫ (মস্কোয় বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি) ও +৭৯৮৯১১৩৯১৬৯ (মস্কোয় বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের ফার্স্ট সেক্রেটারি) নম্বরে যোগাযোগ করা যাবে।

আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্স বিশ্বের অন্যতম বড় পলিথিন ও পলিপ্রোপিলিন উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান। এসব পণ্য রাশিয়া ও আন্তর্জাতিক বাজারে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কমপ্লেক্সটিতে বছরে সর্বোচ্চ ২৭ লাখ টন পণ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে।