নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ‘তরঙ্গ’র আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ‘তরঙ্গ’ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা কোহিনূর ইয়াসমিন। আগারগাঁও, ঢাকা। ২৯ নভেম্বর ২০২৬ছবি: আয়োজকদের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে উন্নয়ন সংস্থা ‘তরঙ্গ’ এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পর্যটন ভবনে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। তরঙ্গের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন তরঙ্গের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কোহিনূর ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউনেসকোর অফিসপ্রধান ও প্রতিনিধি সুসান ভাইজ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন আইনজীবী মারিয়ান হ্যাগেন ও তরঙ্গের স্বেচ্ছাসেবী পাটবিষয়ক উপদেষ্টা ফিলিপা উড।

প্রথম পর্বের আলোচনা সঞ্চালনা করেন তানজিলুত তাসনুভা ঋধি। ‘নারী ও মেয়েশিশুদের প্রতি সহিংসতা রোধে সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক এই পর্বে বক্তব্য দেন বেসরকারি সংগঠন প্রাগ্রসরের নির্বাহী পরিচালক ফওজিয়া খোন্দকার, নারীপক্ষের প্রতিনিধি ওয়ারদা আশরাফ, ইউএন উইমেনের ইউনিট ব্যবস্থাপক শ্রাবণা দত্ত এবং সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি শারমিন সুলতানা লাবণ্য।

‘বাংলাদেশের সুবিধাবঞ্চিত নারীদের জন্য আইনের শাসন ও সুশাসন নিশ্চিতকরণ’ শীর্ষক দ্বিতীয় পর্বের আলোচনা সঞ্চালনা করেন মো. এমদাদুল হক। এতে আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ ও সাবেক যুগ্ম সচিব ফেরদৌস আরা, আইন ও বিচার বিভাগের মো. মেহেদী হাসান এবং এনজিওবিষয়ক ব্যুরোর পরিচালক মো. খলিলুর রহমান খান। এ ছাড়া অনুষ্ঠানে সহিংসতা জয়ী ময়না নামের এক নারীর জীবনসংগ্রামের গল্প তুলে ধরা হয়।

আলোচনার পাশাপাশি বরিশালের কারিগর দলের ঐতিহ্যবাহী ঢাক-ঢোল বাদন, যুব প্রতিনিধি ও গার্লস ক্লাবের সদস্যদের আত্মরক্ষামূলক নানা কৌশল প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন তরঙ্গের চেয়ারপারসন গুব্রিন গ্রোসেনবাখার।