সাবেক কাস্টমস কর্মকর্তা মফিজুর ও তাঁর স্ত্রীর দুটি ফ্ল্যাট জব্দের আদেশ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের সাবেক সহকারী কমিশনার ভূঁইয়া মফিজুর রহমান ও তাঁর স্ত্রী দিলশাদ জাহান লুসির দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জব্দ হওয়া ফ্ল্যাট দুটির একটি এক হাজার বর্গফুটের, অন্যটি ১ হাজার ৫৯ বর্গফুটের। দুটি ফ্ল্যাটই রাজধানীর দক্ষিণখানে অবস্থিত।
দুদকের পক্ষে ফ্ল্যাট দুটি জব্দের আবেদন করেন সংস্থাটির উপপরিচালক রোমান উদ্দিন। আবেদনে বলা হয়, মফিজুর রহমান ৯২ লাখ ১০ হাজার ২৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগে গত বছরের ১৪ অক্টোবর দুদক মামলা করে।
আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তদন্ত চলাকালে মফিজুর রহমান তাঁর সম্পদ ও বাড়িগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তাই স্থাবর সম্পদ জব্দ করা একান্ত প্রয়োজন।