রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ ও মুক্তিযুদ্ধের চেতনাধারী দলকে ভোট দেওয়ার আহ্বান ঢাবি সাদা দলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দলের সংবাদ সম্মেলন। ৮ ফেব্রুয়ারি ২০২৬ছবি: প্রথম আলো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমী, মুক্তিযুদ্ধ ও জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ধারণকারী এবং রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ দলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাদা দল।

আজ রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের এই সংগঠনের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. আবদুস সালাম। তিনি বলেন, ‘আমরা আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যখন বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক গতিপথ নির্ধারণে সঠিক নেতৃত্ব নির্বাচন অপরিহার্য হয়ে পড়েছে।’

মো. আবদুস সালাম আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ২৪-এর জুলাই গণ–অভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাঁদের বহুল প্রতীক্ষিত ভোটাধিকার ফিরে পেয়েছে। ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে তাঁদের মতের প্রতিফলন ঘটাবেন।

দেশের বর্তমান পটভূমি তুলে ধরে আবদুস সালাম বলেন, ‘আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো একটি স্থিতিশীল, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণ করা। চব্বিশের গণ–অভ্যুত্থান সেই সুযোগকে অবারিত করে দিয়েছে। আমরা মনে করি, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এমন এক দলের হাতে থাকা উচিত, যাদের অতীতে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং একটি দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে।’

বাংলাদেশের রাজনীতিতে বিদেশি প্রভাব প্রসঙ্গে লিখিত বক্তব্যে বলা হয়, ‘অতীত অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, বিএনপি রাষ্ট্রীয় স্বার্থের প্রশ্নে পরাশক্তির চাপ উপেক্ষা করে স্বাধীন অবস্থান নেওয়ার সক্ষমতা প্রদর্শন করেছে।’

একটি আত্মমর্যাদাশীল ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনে এই রাজনৈতিক দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক আবদুস সালাম বলেন, ‘আসুন আমরা সবাই মিলে একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ–অভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি।’

অধ্যাপক আবদুস সালাম আরও বলেন, ‘জাতীয় ঐক্য, ন্যায়ভিত্তিক উন্নয়ন, নারীর সম্মান ও জনগণের সার্বভৌমত্ব নিশ্চিত করতে অভিজ্ঞ, পরিকল্পনাভিত্তিক ও জনগণনির্ভর নেতৃত্ব নির্বাচন করি।’

সাদা দলের সদস্যসচিব অধ্যাপক মহিউদ্দিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল আমিন, কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবদুর রশিদ প্রমুখ।