প্রথম আলো কার্যালয়ে হামলার নিন্দা ডিআরইউর
প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। আজ মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই নিন্দা ও উদ্বেগ জানান।
বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ের নিচতলায় (প্রগতি ভবন) কয়েকজন যুবক ঢুকে হট্টগোল করছেন। সেখানে অবস্থিত অভ্যর্থনা কেন্দ্রের নিরাপত্তাকর্মীদের ধমকাচ্ছেন এক যুবক। এরপর ওই যুবককে লাল কালি দিয়ে প্রথম আলোর লোগোর ওপর বারবার ক্রস চিহ্ন আঁকতে দেখা যায়। এ সময় ওই যুবককে ‘প্রথম আলো বয়কট’ বলতেও শোনা যায়।
বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেন, প্রথম আলোর কোনো লেখায় বা প্রতিবেদনে কেউ সংক্ষুব্ধ হলে তার প্রতিবাদ জানানোর প্রচলিত পদ্ধতি রয়েছে। কিন্তু এভাবে একটি গণমাধ্যমের কার্যালয়ে গিয়ে এমন আচরণ সাংবাদিক সমাজকে উদ্বিগ্ন করে তুলেছে। প্রথম আলোয় ডিআরইউর অনেক সদস্য রয়েছেন। অসংখ্য সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন।
ডিআরইউর নেতারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনা এবং প্রথম আলোর সাংবাদিকসহ সর্বস্তরের শ্রমিক-কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় কিছু দুষ্কৃতকারী কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ের অভ্যর্থনাস্থলে হামলা চালানোর চেষ্টা করে। তারা নিরাপত্তাকর্মীদের গায়ে হাত তোলাসহ হুমকি ও ভয়–ভীতি প্রদর্শন করে। বিষয়টি তেজগাঁও থানাকে জানানোর পর দ্রুত পুলিশ আসে। এর আগেই দুষ্কৃতকারীরা সটকে পড়ে।