বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চেয়ে রিট সরাসরি খারিজ

হাইকোর্ট ভবনছবি: প্রথম আলো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। ফলে গঠিত অ্যাডহক কমিটি যথারীতি কার্যক্রম চালাতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে আইনজীবী মো. গোলাম কিবরিয়াসহ সুপ্রিম কোর্টের সাত আইনজীবী ৩০ এপ্রিল রিটটি করেন।

আদালতে রিটের পক্ষে আইনজীবী মো. গোলাম কিবরিয়া নিজে শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন। বিসিবির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান।

রিটের প্রার্থনায় দেখা যায়, বিসিবি নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ৭ এপ্রিল ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন–সংক্রান্ত ৭ এপ্রিলের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, পরিচালককে (পরিকল্পনা ও উন্নয়ন) বিসিবির অ্যাডহক কমিটির সভাপতিকে বিবাদী করা হয়েছে রিটে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে গঠিত হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি। কমিটিতে আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খানও আছেন। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু।

কমিটিতে আরও আছেন বিভিন্ন সময়ে বিসিবির পরিচালনা পর্ষদে থাকা তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। তাঁদের মধ্যে তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান, মির্জা সালমান ইস্পাহানি ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান, রফিকুল ইসলাম ইন্দিরা রোড ক্রীড়াচক্রের কর্মকর্তা ও ফাহিম সিনহা একমি ল্যাবরেটরিজের পরিচালক। ফাহিম সিনহা সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান এবং পরে ফারুক আহমেদ ও আমিনুল ইসলামের বোর্ডেও ছিলেন।

আরও পড়ুন