বড় দুই দলের অনড় অবস্থান বিপজ্জনক: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনকালীন সরকারব্যবস্থা প্রশ্নে বড় দুই দলের অনড় অবস্থান দেশের জন্য বিপজ্জনক। এই অনড় অবস্থানের মধ্যে নির্বাচন হলে এবং কোনো বড় দল নির্বাচনে অংশ না নিলে ফলাফলের ওপর ঝুঁকি থাকতে পারে। একটি আইনশৃঙ্খলাজনিত সমস্যা সৃষ্টি হতে পারে, মানুষ বিপদগ্রস্ত হতে পারে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকশন মনিটরিং ফোরামের সঙ্গে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে তিনটি দেশের প্রতিনিধিরা এই মতবিনিময়ে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালা নাথ খানাল।
মতবিনিময়ের পর সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই না সে ধরনের পরিস্থিতি (আইনশৃঙ্খলার অবনতি) হোক।...সরকারে অধিষ্ঠিত দলের প্রতিও আমার আহ্বান থাকবে, আপনারাও আন্তরিকভাবে চেষ্টা করে যান বিরোধী দলগুলোকে সঙ্গে নিতে। তারাও যেন নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনটাকে যেন অবিতর্কিতভাবে তুলে আনতে পারি। পুরো জাতির কাছে যেন এই নির্বাচন গ্রহণযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে প্রতিষ্ঠিত হয়, আমরা যেন দেশে এবং বিদেশে সে স্বীকৃতি লাভ করতে পারি।’
কাজী হাবিবুল আউয়াল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হয়েছে—সেটা তাঁরা দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখাতে চান। কিন্তু এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। মূল বিভক্তি ‘নির্বাচন বর্তমান সংবিধান অনুযায়ী’ হবে আর ‘নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে’ হবে—সেটা এখনো নিরসন হয়নি। এই প্রশ্নে দুটি দল এখনো অনড়। তিনি বলেন, ‘আমাদের সীমাবদ্ধতাটা বলতে চাই, আমরা নির্বাচন করব এস পার কনস্টিটিউশন (সংবিধান অনুযায়ী)। যেটা বর্তমানে বহাল আছে, সেভাবে আমাদের নির্বাচন করতে হবে।’
সিইসি বলেন, একইভাবে কমিশনের প্রত্যাশা থাকবে সব দল, প্রধানতম রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেবে এবং নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক করবে। দলগুলোর কার্যকর প্রতিদ্বন্দ্বিতা না থাকলে ভোটকেন্দ্রে ভারসাম্য সৃষ্টি হয় না। সিইসি আশা করেন, আগামী কয়েক মাসে হয়তো একটি রাজনৈতিক সমঝোতা হবে এবং সব রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে।
নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় শেষে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালা নাথ খানাল সাংবাদিকদের বলেন, নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে অনেক কিছু করতে হবে, এটা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বব্যাপী নির্বাচন ব্যয়বহুল হয়ে যাচ্ছে, এটা নিয়েও আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে বাংলাদেশের নির্বাচন কমিশন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাচ্ছে জেনে তাঁরা আনন্দিত। তিনি আশা করেন, বাংলাদেশের আগামী নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে।