ফুসফুস ক্যানসার হলেই দ্রুত মৃত্যুবরণ করতে হবে, তা নয়। এখন এ রোগের চিকিৎসার অনেক আধুনিক পদ্ধতি রয়েছে। চিকিৎসা নিয়ে অনেক রোগী বহু বছর বেঁচে থাকতে পারে।
রোগের ধরন অনুযায়ী চিকিৎসার নানা সুযোগ রয়েছে।
ফুসফুস ক্যানসারের চিকিৎসা ও রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে এভাবেই বললেন ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ। প্রথম আলো ডটকমের আয়োজনে এসকেএফ অনকোলজির বিশেষ অনুষ্ঠান ‘বিশ্বমানের ক্যানসার–চিকিৎসা এখন বাংলাদেশে’–এর ৭৬তম পর্ব। অনুষ্ঠানটি গত বৃহস্পতিবার সরাসরি প্রচারিত হয় প্রথম আলো ও এসকেএফের ফেসবুক পেজে।
নাসিহা তাহসিনের উপস্থাপনায় এ পর্বে আলোচক হিসেবে ছিলেন এভারকেয়ার হাসপাতাল ঢাকার মেডিক্যাল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ।
অনুষ্ঠানে বাংলাদেশে ফুসফুস ক্যানসারের পরিস্থিতি, রোগের ধরন ও ঝুঁকির কারণ, প্রাথমিক লক্ষণ, রোগনির্ণয়, চিকিৎসাপদ্ধতি, চিকিৎসা-পরবর্তী ফলোআপ এবং রোগ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় উঠে আসে, ফুসফুস ক্যানসার শুধু ধূমপায়ীদের হয় না; বায়ুদূষণসহ নানা কারণেও এ রোগ হতে পারে। রোগের ধরন ও পর্যায় অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করা হয়।
ধূমপান ছাড়াও ফুসফুস ক্যানসারের ঝুঁকি
ফুসফুস ক্যানসারের ঝুঁকি সম্পর্কে ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ বলেন, ধূমপায়ীদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তবে সব ধূমপায়ীর ফুসফুস ক্যানসার হয় না। আবার যাঁরা কখনো ধূমপান করেননি, এমনকি পরোক্ষ ধূমপানের সংস্পর্শেও আসেননি, তাঁদেরও এ রোগ হতে পারে।
এ প্রসঙ্গে ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ আরও বলেন, ধূমপানের পাশাপাশি রাসায়নিক পদার্থ, অ্যাসবেস্টস, ক্রোমিয়াম ও বায়ুদূষণও ফুসফুস ক্যানসারের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। যানবাহন ও কলকারখানার ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাবালু শ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে দীর্ঘদিন ধরে ক্ষতি করতে পারে।
ফুসফুস ক্যানসারের ধরন ও লক্ষণ
ফুসফুস ক্যানসারের প্রধান ধরন সম্পর্কে ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ বলেন, এ রোগের দুটি প্রধান ধরন হলো নন-স্মল সেল লাং ক্যানসার ও স্মল সেল লাং ক্যানসার। এর মধ্যে নন-স্মল সেল লাং ক্যানসার বেশি দেখা যায়। রোগের ধরন ও পর্যায় অনুযায়ী চিকিৎসার সুযোগও ভিন্ন হয়।
ফুসফুস ক্যানসারের লক্ষণ তুলে ধরে ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ আরও বলেন, দীর্ঘদিন ধরে কাশি থাকা এবং ওষুধ খেয়েও তা না কমা, কাশির সঙ্গে রক্ত আসা, বুকে ব্যথা কিংবা শ্বাসকষ্ট—এসব লক্ষণ দেখা দিতে পারে। রোগ শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়লে সেই অঙ্গ অনুযায়ী উপসর্গ দেখা দিতে পারে। যেমন মস্তিষ্কে ছড়ালে মাথাব্যথা বা বমি বমি ভাব, হাড়ে ছড়ালে ব্যথা এবং যকৃতে ছড়ালে পেটের ডান দিকে ব্যথা, ক্ষুধামান্দ্য ও ওজন কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে।
কম বয়সীদের মধ্যেও দেখা যাচ্ছে রোগটি
ফুসফুস ক্যানসার শুধু বয়স্কদের রোগ কি না, এমন প্রশ্নের জবাবে ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ জানান, আগে তুলনামূলকভাবে বয়স্ক রোগীদের মধ্যে এ রোগ বেশি দেখা গেলেও এখন কম বয়সীদের মধ্যেও ফুসফুস ক্যানসার শনাক্ত হচ্ছে। এমনকি ৩০ বছরের কম বয়সী রোগীও তাঁর কাছে আসছেন। তবে রোগটি এখনো পঞ্চাশোর্ধ্ব বয়সীদের মধ্যে বেশি দেখা যায়।
রোগনির্ণয়ে বায়োপসি গুরুত্বপূর্ণ
ফুসফুস ক্যানসার নির্ণয়ের প্রক্রিয়া সম্পর্কে ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ বলেন, প্রাথমিক পরীক্ষার মধ্যে বুকের এক্স-রে, রক্ত পরীক্ষা ও প্রয়োজন অনুযায়ী অন্যান্য পরীক্ষা করা হয়। এক্স-রেতে সন্দেহজনক কিছু দেখা গেলে বায়োপসির মাধ্যমে টিস্যু সংগ্রহ করে পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। শুধু কোষের নমুনা নয়, পরবর্তী চিকিৎসা নির্ধারণের জন্য পর্যাপ্ত টিস্যু প্রয়োজন হতে পারে।
ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ আরও বলেন, বায়োপসির পর রোগের পর্যায় নির্ধারণে প্রয়োজন অনুযায়ী সিটি স্ক্যান, পেটের পরীক্ষা, ব্রেনের এমআরআই বা হাড়ের স্ক্যান করা হতে পারে। রোগের ধরন, পর্যায় ও রোগীর শারীরিক অবস্থা বিবেচনা করে পরবর্তী চিকিৎসা ঠিক করা হয়।
সবার চিকিৎসা এক রকম নয়
ফুসফুস ক্যানসারের চিকিৎসা কেন রোগীভেদে আলাদা হয়, তা ব্যাখ্যা করে ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ বলেন, চিকিৎসা নির্ভর করে রোগের পর্যায়, ধরন এবং মলিকিউলার পরীক্ষার ফলের ওপর। কারও ক্ষেত্রে অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে, আবার কারও জন্য কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি কিংবা একাধিক পদ্ধতির সমন্বয় দরকার হতে পারে।
এ প্রসঙ্গে ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ আরও বলেন, একজন রোগীর পরীক্ষার ফলের ভিত্তিতে যে চিকিৎসা নির্ধারিত হয়েছে, তা অন্য রোগীর জন্য একইভাবে প্রযোজ্য না–ও হতে পারে। প্রত্যেক রোগীর পরিস্থিতি অনুযায়ী আলাদাভাবে চিকিৎসা নির্ধারণ করা হয়।
চিকিৎসার পরও ফলোআপ জরুরি
চিকিৎসা শেষে ফলোআপের গুরুত্ব তুলে ধরে ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ বলেন, ক্যানসার চিকিৎসার পর রোগটি ফিরে আসার আশঙ্কা থাকে। এ কারণে প্রথম দিকে ঘন ঘন ফলোআপ করা হয়। সাধারণত প্রথম বছর তিন মাস পরপর, দ্বিতীয় বছর চার মাস পরপর এবং তৃতীয় থেকে পঞ্চম বছর ছয় মাস পরপর ফলোআপের পরামর্শ দেওয়া হয়। রোগীভেদে এ সময়সূচি ভিন্ন হতে পারে।
ধূমপান ছাড়ার পাশাপাশি দূষণ থেকে সুরক্ষা
ফুসফুস ক্যানসারের ঝুঁকি কমাতে করণীয় সম্পর্কে ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ বলেন, ধূমপান করলে তা ছেড়ে দেওয়া জরুরি। ধূমপান ছাড়ার পরও ঝুঁকি কমতে সময় লাগে। এ ছাড়া বায়ুদূষণ থেকে সুরক্ষার জন্য বাইরে গেলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন তিনি। তাঁর মতে, দূষণ কমাতে সরকারি উদ্যোগ প্রয়োজন হলেও তা বাস্তবায়নে সময় লাগতে পারে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ বলেন, ফুসফুস ক্যানসার মানেই দ্রুত মৃত্যুর আশঙ্কা নয়। রোগের ধরন অনুযায়ী চিকিৎসার একাধিক সুযোগ রয়েছে। তবে চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় অনেক রোগীর জন্য তা নেওয়া কঠিন হয়ে পড়ে। তাঁর মতে, যথাযথ চিকিৎসা পেলে ফুসফুস ক্যানসার নিয়েও অনেক রোগী বহু বছর বেঁচে থাকতে পারেন।