আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা, ফরিদপুর ও মানিকগঞ্জ জেলায় ৩৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটাধিকার সুরক্ষার লক্ষ্যে এই বাহিনী মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় ঢাকা সেক্টরের আওতাধীন ঢাকা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এই মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাই উপজেলার দুটি আসনে ৬ প্লাটুন, ফরিদপুর জেলার চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জ জেলার তিনটি আসনে ৮ প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম জোরদার করতে বিজিবির বিশেষায়িত ক–৯ ডগ স্কোয়াড ইউনিট মোতায়েন থাকবে। মোট ১২টি বেজ ক্যাম্প থেকে এসব বাহিনী দায়িত্ব পালন করবে।
বিজিবির মূল লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটদানে জনগণের সর্বোচ্চ অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি করা, জালভোট ও নাশকতা প্রতিরোধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং ভোট গ্রহণ ও পরবর্তী কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়তা করবে বিজিবি। নির্বাচনকালীন পুরো সময়ে বিজিবি স্বতন্ত্রভাবে অথবা অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হবে। নির্বাচনকালীন দায়িত্ব পালনে সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত রয়েছে।
নির্বাচনের নিরাপত্তাব্যবস্থায় বিজিবি বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর, এপিসিসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করবে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম, হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত থাকবে বলেও জানানো হয়। এ ছাড়া নির্বাচন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ঢাকা ব্যাটালিয়ন সদর দপ্তরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে দায়িত্বপূর্ণ এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।