জাতীয় প্রেসক্লাব ও চট্টগ্রাম প্রেসক্লাবের যৌথ সভা
সাংবাদিকদের কর্মসংস্থানে যৌথভাবে কাজ করতে ঐকমত্য
সাংবাদিকদের কল্যাণ, পেশাগত মান উন্নয়ন এবং বেকার সাংবাদিকদের কর্মসংস্থানে যৌথভাবে কাজ করতে একমত হয়েছে জাতীয় প্রেসক্লাব ও চট্টগ্রাম প্রেসক্লাব। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির মিটিং রুমে আয়োজিত এক যৌথ সভায় উভয় পক্ষের মধ্যে এই ঐকমত্য হয়।
জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য দেন, ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহনওয়াজ, সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, উপদেষ্টা ওসমান গণি মনসুর, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ এবং নির্বাহী সদস্য সালেহ নোমান, সাইফুল ইসলাম শিল্পী ও ওয়াহিদ জামান।
জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য দেন ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, সদস্য কাদের গণি চৌধুরী, কাজী রওনক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, এ কে এম মহসীন ও মাসুমুর রহমান খলিলী।
সভায় বক্তারা সাংবাদিকদের মর্যাদা রক্ষা এবং অধিকার আদায়ে দুই ক্লাবের এই যৌথ প্রচেষ্টাকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। আগামী দিনে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়েও সভায় আলোচনা করা হয়।