চট্টগ্রামের বাকলিয়ায় হিমাগারের আগুন নিভেছে, হাসপাতালে ৪ জন
চট্টগ্রামের বাকলিয়া থানার রাজাখালীতে শুঁটকির হিমাগারের আগুন আজ বুধবার সকাল সাতটার দিকে নেভানো সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে হাজী জনতা কোল্ড স্টোরেজ নামের হিমাগারটিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিসের লামাবাজার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাস ব্যবহৃত হয়। এ গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ থেকে কোল্ড স্টোরেজটিতে আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিস্ফোরণে চারতলা ভবনটির দেয়ালের কিছু অংশ ও জানালা ধসে পড়েছে। ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনের শ্বাসকষ্ট দেখা দেয়। এতে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এ ছাড়া এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
অসুস্থ ও আহত চার ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মো. তারেক, নুর হোসেন, মো. মান্নান ও রবিন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক প্রথম আলোকে বলেন, চার ব্যক্তি বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম প্রথম আলোকে বলেন, কোল্ড স্টোরেজটিতে বিস্ফোরণ থেকে আগুন লাগার পর আশপাশে গ্যাস ছড়িয়ে পড়ে। এ অবস্থায় আশপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়।
কোল্ড স্টোরেজটিতে বিস্ফোরণ-আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।