বন্যায় চাল–চুলো সব গেছে দুই প্রতিবেশী তারেক ও বাদশাহর
বন্যার পানিতে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন তারেক হোসেন। একই অবস্থা প্রতিবেশী বাদশাহ মিয়ার। দুজনে আশ্রয় নিয়েছেন প্রতিবেশী বিজয় নন্দীর বাড়িতে।
আজ শনিবার সকালে বিজয় নন্দীর বাড়িতে গেলে দেখা যায়, তারেকের স্ত্রী দুয়ারে বসে সবজি কাটছেন। বারান্দায় ছেলের বইপত্র শুকাতে দেওয়া হয়েছে। তাঁদের ছেলে তাসকিন প্রথম শ্রেণিতে পড়ে।
সাতকানিয়ার মধ্যম কাঞ্চনা গ্রামের সিকদারপাড়ায় বাড়ি ছিল তারেক হোসেনের। বলেন, ‘৭ আগস্ট রাতে বাঁশের বেড়া ও টিনের ছাউনি দেওয়া ঘরটাতে পানি ঢোকে। পানি বাড়তে থাকলে রাতেই এখানে এসে উঠি। সঙ্গে আনতে পেরেছি হাঁড়িপাতিল কিছু। বিছানাপত্র ভিজে গেছে আগেই। ফ্রিজটাও নষ্ট হয়ে যায়। পানি নেমে যাওয়ার পর ঘর হেলে পড়ে। ঘরের ভেতর এখনো হাঁটুসমান কাদা।’
তারেকের প্রতিবেশী কৃষক বাদশাহ আমিরের ১০০ আড়ি ধান বানের পানিতে নষ্ট হয়েছে।
বাদশাহ আমিরের মেয়ে হাবিবা বলে, তাদের ২০০ আড়ি ধান ছিল। অর্ধেক ভিজে গেছে। পানি নামার পর ধানগুলো উদ্ধারের চেষ্টা করা হয়। অর্ধেক ধানে চারা গজিয়ে গেছে। বাকিগুলো এখন শুকানো হচ্ছে।
বাদশাহ ও তারেকের পরিবার বিজয় নন্দীর দুটি ঘরে রয়েছেন। সেখানে তাঁরা রান্নাবান্না করছেন। বন্যার পর দুবার সাহায্য হিসেবে চাল–ডাল পেয়েছেন। এর বাইরে আর কোনো সাহায্য মেলেনি বলে জানান তাঁরা।
কাঞ্চনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তারেক ও বাদশাহ। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনিন্দ্য নন্দী তাঁদের তাঁর কাকা বিজয় নন্দীর ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন।
এলাকার ক্ষয়ক্ষতি কেমন, তা জানতে চাইলে অনিন্দ্য নন্দী পাশে তাঁর বাড়িতে নিয়ে যান। সেখানে বাড়ি বলতে ভিটেটা আছে। বন্যার পানি নামার পর মাটির ঘরটি ধসে পড়ে। অনিন্দ্য নিজেও কাকা বিজয়ের বাড়িতে আশ্রয় নেন। ওই বাড়ি উঁচু হওয়ায় পানি থেকে রক্ষা পায়।
অনিন্দ্যর কাকিমা তপতী নন্দী বলেন, ‘এমন পানি জীবনে তিনি দেখেননি।’
কাঞ্চনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রমজান আলী বলেন, তাঁর ইউনিয়নে ৭৫টি ঘর বিধ্বস্ত হয়েছে। ঘরের জন্য সাহায্য এখনো পাওয়া যায়নি।
সাতকানিয়া উপজেলায় মোট ২ হাজার ৪৮৯টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বন্যায়। আংশিক ক্ষতি হয়েছে ৩ হাজার ৮০৫টি ঘরের।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছানাউল্লাহ মজুমদার বলেন, জেলায় ৯ হাজারের বেশি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক নষ্ট হয়েছে প্রায় ১৯ হাজার। সাতকানিয়ার জন্য ১ হাজার ২০০ বান্ডিল টিন ও ৩৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
৬ আগস্ট থেকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সাতাকানিয়া, চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলায় বন্যা দেখা দেয়।