সৈয়দ মনজুরুল ইসলাম স্মরণীয় হয়ে থাকবেন: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম দেশের শিক্ষা ও গবেষণায় যে অবদান রেখে গেছেন, এ জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উপাচার্য নিয়াজ আহমদ খান।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক শোকবাণীতে উপাচার্য বলেন, ‘অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম দেশের শিক্ষা ও গবেষণায় অনন্য অবদান রেখে গেছেন। এ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’

সৈয়দ মনজুরুল ইসলাম
ফাইল ছবি

সৈয়দ মনজুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপাচার্য নিয়াজ আহমদ খান।

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ৩ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার বিকেলে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকাল সাড়ে ১০টায় সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ অপরাজেয় বাংলার পাদদেশের সামনে আনা হবে। এরপর বেলা ১১টায় মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।