এনকেফালাইটিস রোগ প্রতিরোধে টিকা কার্যক্রম শুরুর পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা ভাইরাস
প্রতীকী ছবি

বাংলাদেশে জাপানিজ এনকেফালাইটিস রোগে প্রতি চারজন রোগীর মধ্যে একজন মারা যায়। রাজশাহী ও রংপুরের মতো চট্টগ্রাম বিভাগে এই রোগের প্রাদুর্ভাব রয়েছে। কিছুদিনের মধ্যে এ রোগের টিকাদান শুরু হবে।

রোববার চট্টগ্রাম নগরের একটি হোটেলে অনুষ্ঠিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের ‘মা নবজাত শিশু এবং কিশোর কিশোরীর স্বাস্থ্য (এমএনসিঅ্যান্ডএএইচ)’ এর উদ্যোগে এই বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ১০ বছরের পরিসংখ্যানে রংপুর বিভাগে সবচেয়ে বেশি ৪৫ শতাংশ জাপানিজ এনকেফালাইটিস ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহীতে ৩০ শতাংশ। চট্টগ্রাম বিভাগে শনাক্ত হার ৯ শতাংশ। এই রোগে সুস্থ হলেও অনেকে বিকলাঙ্গ হয়ে পড়ে।

বক্তারা আরও বলেন, ২০১৪ সালে বিশ্বস্বাস্থ্য সংস্থা এই রোগের টিকার অনুমতি দিয়েছে। আশপাশের দেশে রোগ প্রতিরোধে এই টিকা ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশেও টিকার মাধ্যমে রোগটি নির্মূল করা সম্ভব। এ জন্য কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আমিনুর রহমান। চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক মো. সাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শিব্বির আহমেদ ওসমানী, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মো. সাইদুজ্জামান, সাবেক পরিচালক মো. শামসুল হক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব জসিম উদ্দিন খান, আইসিডিডিআরবি এর প্রধান গবেষক রেবেকা সুলতানা, অধ্যাপক নাসির উদ্দিন মাহমুদ, চমেক অধ্যাপক আবদুস সাত্তার, অধ্যাপক এ কে এম রেজাউল করিম, সহযোগী গবেষক আরিফা নাজনীন প্রমুখ বক্তব্য দেন।

এ কর্মশালা আয়োজনে সহযোগিতা করেছে আইসিডিডিআরবি ও পাথ। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কেরা উপস্থিত ছিলেন।