পরিচালনা পর্ষদের সভাপতি হতে ন্যূনতম স্নাতকধারী, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির (পরিচালনা পর্ষদ) সভাপতি হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষার প্রসার ও উন্নয়নে অবদান এবং যোগ্যতা বিবেচনায় এ শর্ত শিথিল করা যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার পরিপত্রটি জারি করা হয়।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হয় গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির মাধ্যমে। কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকে বলা হয় গভর্নিং বডি এবং মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিকে বলা হয় ম্যানেজিং কমিটি। দেশে বর্তমানে মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ৩৫ হাজারের বেশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠানে তহবিল সংগ্রহ, নিয়োগ (আংশিক), বরখাস্ত, বাতিল, অপসারণ, নৈমিত্তিক ছুটি মঞ্জুরসহ পরিচালনার গুরুত্বপূর্ণ অনেক কাজই পরিচালনা কমিটির হাতে।

একসময় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত ছিল না। পরে ২০২৪ সালের মে মাসে নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা সংশোধন করে সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান নির্ধারণ করা হয়।

এরপর ২০২৫ সালের আগস্টে সভাপতির শিক্ষাগত যোগ্যতা আরও বাড়ানো হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, গভর্নিং বডির সভাপতি হতে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি বাধ্যতামূলক করা হয়। আর ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য স্নাতক বা সমমানের ডিগ্রি নির্ধারণ করা হয়।

তবে এ সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে এখন নতুন পরিপত্র জারি করে পরিচালনা পর্ষদ গঠনের নিয়ম ও সভাপতির যোগ্যতার বিষয়ে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব নির্দেশনা অনুসরণ করতে শিক্ষা বোর্ডগুলোকে বলা হয়েছে। উল্লেখ্য, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ গঠনের অনুমোদন দেয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।

আরও পড়ুন

কারা, কীভাবে সভাপতি হবেন

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, গভর্নিং বডির সভাপতি মনোনয়নের জন্য তিনজনের নাম জীবনবৃত্তান্তসহ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। এ তালিকায় থাকতে পারবেন সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি, শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি বা সমাজসেবক এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারা। প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে একজনকে সভাপতি মনোনীত করবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।

আরও পড়ুন

অন্যদিকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে অথবা জেলা বা উপজেলার সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি, শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি বা সমাজসেবক এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করা যাবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অ্যাডহক (অস্থায়ী) কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে মনোনয়ন দিতে হবে। তাঁদের মধ্যে একজন নারী প্রতিনিধি থাকতে হবে। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক এ মনোনয়ন নিশ্চিত করবেন।