সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় নারী, শিশুসহ ২৪ রোহিঙ্গা উদ্ধার
সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকা থেকে নারী, শিশুসহ ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ৬ শিশু, ৬ নারী ও ১২ পুরুষ রয়েছেন। তাঁরা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বাহারছড়ার ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম।
বাহারছড়া পুলিশি তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, মঙ্গলবার রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার পাহাড়ে বেশ কিছু অপরিচিত মানুষের আনাগোনার খবর পায় পুলিশ। তারা মানব পাচার চক্রের সঙ্গে জড়িত বলেও জানতে পারে পুলিশ। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে কয়েক দালাল কৌশলে পালিয়ে যায়। এ সময় পাহাড়ের ঝোপজঙ্গল থেকে ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
উদ্ধার রোহিঙ্গাদের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া দালাল চক্রের সদস্যরা এই রোহিঙ্গাদের আশ্রয়শিবিরের ভেতর থেকে বের করার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করেছিল। রাতের যেকোনো সময়ে তাঁদের ট্রলারে তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তাঁরা পুলিশের হাতে ধরা পড়েন।
রোহিঙ্গা তরুণী হামিদা বেগম ও তরুণ রশিদ উল্লাহ বলেন, তাঁরা দুজন নিজেদের ভাগ্য বদল করতে সাগরপথে ঝুঁকি নিয়ে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা চালান। ট্রলারে তুলে দেওয়ার কথা বলে জনপ্রতি ১০ হাজার টাকা আগাম নিয়েছে দালাল চক্রের সদস্যরা। অবশিষ্ট টাকা মালয়েশিয়ায় পৌঁছানোর পর দেওয়ার কথা ছিল। জনপ্রতি আড়াই লাখ থেকে তিন লাখ টাকায় তাঁদের সঙ্গে চুক্তি হয় দালাল চক্রের।
এ প্রসঙ্গে জানতে চাইলে পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, রাতে উদ্ধার রোহিঙ্গাদের বাহারছড়া পুলিশি তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এই রোহিঙ্গাদের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক রোহিঙ্গা মাঝি বলেন, দালাল চক্রের সদস্যদের মাধ্যমে তাঁরা রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে বের হয়ে যাচ্ছেন। চক্রটি রোহিঙ্গাদের নানা ধরনের প্রলোভনের পাশাপাশি ভালো চাকরি ও বিয়ের কথা বলে সাগরপথে পাচার করছে। এসব প্রতিবোধে এখনই স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসতে হবে। আশ্রয়শিবিরে প্রচারণা চালালে এভাবে সাগর পাড়ি দিতে নিরুৎসাহ হবেন রোহিঙ্গারা।
এ প্রসঙ্গে জানতে চাইলে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টার সময় পুলিশের হাতে উদ্ধার রোহিঙ্গা নাগরিকদের টেকনাফ থানা-পুলিশের কাছে স্থানান্তর করা হয়েছে। তাঁদের উখিয়া ট্রানজিট ক্যাম্পে রাখা হবে। তাঁরা কোনো আশ্রয়শিবিরের বাসিন্দা কি না, তা যাচাই-বাছাই করা হবে। এরপর তাঁদের আশ্রয়শিবিরে ফেরত পাঠানো হবে।