প্রথম আলোর সাজিদসহ চার আলোকচিত্রী পাচ্ছেন প্রেস ফটো কনটেস্ট পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট-২০২৪ বিজয়ী চারজন আলোকচিত্রী
ছবি: সংগৃহীত

‘বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট-২০২৪’ বিজয়ী হয়েছেন প্রথম আলোর আলোকচিত্রী সাংবাদিক সাজিদ হোসেনসহ আরও তিনজন। বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত আলোকচিত্রীদের ছবি নিয়ে তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজ সোমবার সন্ধ্যায় প্রতিযোগিতায় বিজয়ীদের নাম অনলাইনে ঘোষণা করা হয়। সাজিদ হোসেন ছাড়া পুরস্কারপ্রাপ্ত অন্য তিনজন হলেন ফোকাস বাংলার কুদ্দুস আলম, এফআইএপির কাজী গোলাম কুদ্দুস এবং দৈনিক বাংলার সৈয়দ মাহমুদুর রহমান।

তিনজনকে দেওয়া হয়েছে সম্মানজনক স্বীকৃতি

এ ছাড়া আরও তিনজন আলোকচিত্রীকে প্রতিযোগিতার মাধ্যমে সম্মানজনক স্বীকৃতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন নিউজ বাংলার পিয়াস বিশ্বাস, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নাঈম আলী ও দৈনিক ইত্তেফাকের আবদুল গনি।

গত বছরের বাছাই করা ছবিগুলো থেকে একটি ছবিকে ‘পিকচার অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়েছে। পুরস্কার পাওয়া ছবিটি তুলেছেন ফোকাস বাংলার কুদ্দুস আলম।

সাজিদ হোসেনের তোলা এই ছবি পুরস্কার পেয়েছে
ছবি: সংগৃহীত

গত এক বছরে আলোকচিত্র সাংবাদিকতায় শ্রেষ্ঠ কাজগুলো নির্ধারণের মাধ্যমে এই স্বীকৃতি দেওয়া হয়। দেশের শীর্ষস্থানীয় পেশাদার আলোকচিত্রীদের সমন্বয়ে গঠিত বিচারকেরা এ প্রতিযোগিতায় সম্পৃক্ত ছিলেন।

প্রতিযোগিতার আয়োজক দৃক গ্যালারির জানিয়েছে, শিগগিরই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হবে। ঢাকার দৃক গ্যালারিতে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। সেখানে ২১ জন আলোকচিত্রীর ছবি প্রদর্শিত হবে। প্রদর্শনীতে প্রথম আলোর ফটোসাংবাদিক সাজিদ হোসেন ছাড়াও জাহিদুল করিম ও জুয়েল শীলের ছবি স্থান পেয়েছে।