ঢাকা মেডিকেলের চিকিৎসকের ওপর হামলা: আসামি জীবন রিমান্ডে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় করা মামলায় আসামি জীবন ওরফে আদিলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে এই তথ্য জানান।
ওমর ফারুক ফারুকী বলেন, আসামি জীবনকে আজ আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. আতিকুজ্জামান আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই মামলায় আরেক আসামি ফারহান শাহরিয়ার ইভান পাঁচ দিনের রিমান্ডে আছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মো. আতিকুজ্জামান প্রথম আলোকে বলেন, এই মামলায় এজাহারভুক্ত আসামি একজন। অন্যজন তদন্তে প্রাপ্ত। মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক আসামির রিমান্ডের আবেদন করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ১৭ আগস্ট রাত ১০টার দিকে রাজধানীর পল্টন মডেল থানাধীন শান্তিনগর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন চিকিৎসক আসাদুর। সেটি কিছুটা এগোনোর পর চারজন তাঁর পথ রোধ করেন। তাঁরা দরজা খুলতে বলছিলেন। চালককে দরজা না খুলতে বললেও এক পর্যায়ে চালক দরজা খুলে দেন। এরপর আসাদুরকে নামিয়ে এনে মারধর করা হয়।
এ সময় আসামি জীবন চিকিৎসক আসাদুরের বাঁ চোখে ঘুষি মেরে গুরুতর জখম করেন। আসামিরা উপর্যুপরি আঘাত করে তাঁর মাথাসহ দুই চোখের ওপরে ও শরীরের বিভিন্ন অংশ জখম করেন। পরে আসাদুরের চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে জীবনকে আটক করেন। এ সময় বাকিরা পালিয়ে যান। ঘটনাস্থলে এসে পল্টন থানা–পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
এ ঘটনায় ১৮ আগস্ট ভুক্তভোগী চিকিৎসক আসাদুর রহমান বাদী হয়ে মামলা করেন। তিনি আরও জানান, হামলার কিছুদিন আগে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের নামে তাঁর কাছে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করে বার্তা পাঠানো হয়েছিল। চাঁদার টাকা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার দুদিন পর তিনি হামলার শিকার হন।