চার মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড
চার মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন আদালত। আজ ঢাকার পৃথক দুই আদালত এই দণ্ড দেন। আজ মঙ্গলবার এই রায় দেওয়া হয়।
পৃথক তিনটি মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক বেগম মাফরোজা বেগম। যাবজ্জীবন দণ্ড পাওয়া চার আসামি হলেন শহিদুল, সুজন, শামসুল হক ও রাসেল।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম।
মামলার কাগজপত্রের তথ্য বলছে, পাঁচ বছর আগে (২০১৭ সালের ১২ মার্চ) মিরপুর এলাকা থেকে ৯ বছর বয়সী শিশু মাহিনকে অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় মাহিনের বাবা মহিউদ্দিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় শহিদুল ও সুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২১ সালের ১২ জানুয়ারি দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
পিপি রেজাউল করিম বলেন, শিশু মাহিনকে অপহরণের পর হত্যার দায়ে শহিদুল ও সুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া দুই বছর আগে (২০২০) মিরপুরে নার্সারিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির নাম শামসুল হক।
এ ছাড়া আট বছর আগে (২০১৪ সাল) সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে রাসেল নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
খুনের দায়ে আরও একজনের যাবজ্জীবন
১১ বছর আগে (২০১১ সাল) দারুস সালাম এলাকায় কামরুল হাসান নামের একজনকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এই রায় দেন। দণ্ডিত আসামি হলেন মাজেদুল হক। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ছালাউদ্দিন হাওলাদার।