ডিজিটাল মাধ্যমে রূপান্তরই গণমাধ্যমের জন্য বড় চ্যালেঞ্জ: মতিউর রহমান
দেশে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। ছাপা কাগজ দিয়ে শুরু হওয়া গণমাধ্যমকে এই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগোতে হচ্ছে। সে কারণে ডিজিটাল মাধ্যমে রূপান্তরই আগামী দিনে বাংলাদেশের সংবাদমাধ্যমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান বজায় রেখে সংবাদমাধ্যমকে এগিয়ে যেতে হবে। আজ শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এসব কথা বলেছেন।
বিশ্ববিদ্যালয়টির মিডিয়া অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত সেমিনারের মূল বিষয় ছিল ‘বাংলাদেশের গণমাধ্যম: চ্যালেঞ্জ এবং সম্ভাবনা’। বাংলাদেশের গণমাধ্যমবিষয়ক কথা শিরোনামে মাসিক আয়োজনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে প্রথম এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মিডিয়া ও জার্নালিজম কোর্সের শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান শিক্ষক-শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন।
মতিউর রহমান বলেন, প্রথম আলো শুরু থেকে আর্থিকভাবে নিজের ওপর নির্ভরশীল হওয়ার চেষ্টা করে সফল হয়েছে। সরকারের আর্থিক নিয়ম অনুসরণ এবং নিয়মিতভাবে সব ধরনের কর পরিশোধ করে কাজ করে গেছে। দলনিরপেক্ষতার কারণে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তারাই সব সময় প্রথম আলোর ওপরে চাপ তৈরি করেছে। কিন্তু সুসাংবাদিকতা ও স্বচ্ছতার নীতির কারণে প্রথম আলো এখনো স্বাধীন সাংবাদিকতা করতে পারছে।
বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস কে তৌফিক এম হক সেমিনারে সূচনা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই বিভাগের শিক্ষক রিজওয়ান-উল-আলম।
উপাচার্য আতিকুল ইসলাম বলেন, দেশে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে কোনো ব্যক্তি বেশি টাকাপয়সার মালিক হলে একটি গণমাধ্যম খুলে বসেন। সেখানে লাভ হোক বা না হোক, তাঁদের অন্য ব্যবসার স্বার্থে এবং তাঁদের ব্যক্তিগত প্রভাব বাড়াতে গণমাধ্যম চালিয়ে যান। এ ধরনের একটি পরিস্থিতিতে মতিউর রহমান প্রথম আলো পত্রিকাকে নিজের পায়ে দাঁড় করিয়েছেন। দেশের মানুষের পক্ষে সাংবাদিকতা করছেন।
মতিউর রহমান বলেন, প্রথম আলো ১৯৯৮ সালে ১০৯ জন কর্মী নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে কর্মীর সংখ্যা ১ হাজার ২২ জনে দাঁড়িয়েছে। প্রথম আলো নিজের আয় দিয়ে এ পর্যন্ত ১০টি সংস্থা গড়ে তুলেছে। সবগুলো সফলভাবে এগিয়ে যাচ্ছে। বিশ্বের গণমাধ্যমগুলোর আন্তর্জাতিক সংগঠন ‘ইনমা’ থেকে ২০২২ সালে তিনটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। সাউথ এশিয়া ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে স্বর্ণপদকসহ মোট পাঁচটি পুরস্কার পেয়েছে। প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম গত বছর যুক্তরাষ্ট্র সরকারের দুর্নীতিবিরোধী চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড এবং নেদারল্যান্ডস থেকে মোস্ট রেজিলিয়েন্ট জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২১ পেয়েছেন।
একজন শিক্ষার্থী প্রশ্ন করেন, ডিজিটাল–মাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত জনপ্রিয়তা বাড়ছে। এই পরিস্থিতিতে প্রথম আলো একটি পত্রিকা হিসেবে কতটুকু টিকে থাকবে? জবাবে মতিউর রহমান বলেন, ২০১৪ সাল থেকে বাংলাদেশসহ সারা বিশ্বে ছাপা পত্রিকার বিক্রি কমে আসছে। কোভিডের সময়ে তা আরও কমে যায়। আর ডিজিটাল মাধ্যমের জনপ্রিয়তা বাড়তে থাকে। তাই আমরা এখন ডিজিটাল মাধ্যমে রূপান্তরকে দেশের গণমাধ্যমের সামনের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করি।
একজন শিক্ষার্থী প্রশ্ন করেন, প্রথম আলোর কোনো রাজনৈতিক অবস্থান আছে কি না? জবাবে মতিউর রহমান বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ নিই না।
আমাদের কোনো কর্মী কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারে, ভোট দিতে পারে। তাতে কোনো আপত্তি নেই। কিন্তু সংবাদ লেখা ও প্রকাশের সময় আমরা দলনিরপেক্ষ অবস্থান রাখি।’
প্রথম আলোর ভবিষ্যৎ লক্ষ্য কী এবং একে টেকসই করার কী পরিকল্পনা—এই প্রশ্নের জবাবে প্রথম আলো সম্পাদক বলেন, ‘আমাদের লক্ষ্য ডিজিটাল প্রথম। কিন্তু ছাপা পত্রিকাও গুরুত্বপূর্ণ। আমরা একটি ডিজিটাল প্রতিষ্ঠানে পরিণত হতে চাই। তবে অবশ্যই আমরা সাংবাদিকতাকে গুরুত্ব দিয়ে এগোব। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার সম্পর্ক আমরা গড়ে তুলতে চাই।’