ড. ওয়াজেদ মিয়ার স্মরণে পীরগঞ্জে স্বাস্থ্যসেবা ক্যাম্প
বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে রংপুরের পীরগঞ্জে দুই দিনব্যাপী ‘স্বাস্থ্যসেবা ক্যাম্পে’ স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন বিভিন্ন পর্যায়ের নারী–পুরুষ ও শিশু। ঢাকা থেকে ৩০ জন চিকিৎসক এই ক্যাম্পে গিয়ে স্বাস্থ্যসেবা দেন।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এই ক্যাম্পের উদ্বোধন করেন।
স্বাস্থ্যসেবা ক্যাম্প উপলক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর সুদক্ষ নেতৃত্বে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাস পেয়েছে, শিশুদের টিকাদান কর্মসূচি সফল হয়েছে এবং সারা দেশের মানুষকে সুষ্ঠুভাবে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়েছে। তিনি বলেন, মানবতার সেবায় বিনা মূল্যে চিকিৎসকদের স্বাস্থ্যসেবা প্রদান এক অনন্য উদাহরণ।
রংপুর জেলার জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জন ও ডিন অধ্যাপক মোহাম্মদ হোসেন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র রায় ও সরকারি শাহ আবদুর রউফ কলেজের অধ্যক্ষ মো. রাশেদুন্নবী উপস্থিত ছিলেন।