ঝরনায় গোসলের সময় ওপর থেকে লাফ, প্রাণ গেল কিশোরের

খাগড়াছড়ির রিসাং ঝরনাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গার রিসাং ঝরনায় গোসল করতে গিয়ে মো. রাকিব হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব খাগড়াছড়ি কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে খাগড়াছড়ি সদরের গঞ্জপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, আজ দুপুরে তারা পর্যটন এলাকায় ঘুরতে যায়। বিকেলে রিসাং ঝরনায় চার বন্ধু একসঙ্গে গোসল করতে গিয়ে ওপরের দিক থেকে গভীর খাদে লাফ দেয়। এ সময় পানির ঘূর্ণিতে রাকিব তলিয়ে গিয়ে মারা যায়। খাগড়াছড়ির ফায়ার সার্ভিসের সদস্যরা রাকিবের মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হলে পরে রাঙামাটির ডুবুরি দল সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।