অস্থায়ীদের চাকরি স্থায়ীর দাবি চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলরদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন
ফাইল ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের স্থায়ী করার দাবি জানিয়েছেন কাউন্সিলররা। সোমবার অনুষ্ঠিত সিটি করপোরেশনের ২২তম সাধারণ সভায় এ দাবি জানান তাঁরা। কাউন্সিলররা বলেন, অনেক শ্রমিক-কর্মচারী ২০-২৫ বছর ধরে কর্মরত। চাকরি স্থায়ী না হওয়ায় পরিবার নিয়ে মানবেতর অবস্থায় আছেন। তাই চাকরি স্থায়ী করা জরুরি।

চট্টগ্রামের আন্দরকিল্লায় পুরোনো নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। কাউন্সিলরদের দাবির পরিপ্রেক্ষিতে মেয়র অস্থায়ী কর্মীদের চাকরি স্থায়ী করার আশ্বাস দেন। তবে এ জন্য মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন বলে জানান তিনি।

সাধারণ সভায় অংশ নেওয়া সিটি করপোরেশনের কাউন্সিলর জহর লাল হাজারী প্রথম আলোকে বলেন, একেকজন অস্থায়ী কর্মী ২০-২৫ বছর ধরে চাকরি করছেন। কারও কারও চাকরির বয়স আরও বেশি। অনেক কর্মীকে খালি হাতে বিদায় নিতে হয়েছে। বিষয়টি খুবই অমানবিক। স্থায়ীকরণের বারবার দাবি উঠলেও নানা নিয়মনীতির অজুহাতে তা পূরণ করা হচ্ছে।

আরেক কাউন্সিলর মো. মোবারক আলী প্রথম আলোকে বলেন, সব কাউন্সিলর অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের স্থায়ী করার পক্ষে কথা বলেছেন। মেয়রও স্থায়ীকরণের পক্ষে। কিন্তু একজন শীর্ষ কর্মকর্তা ভিন্নমত দিয়েছেন।

সিটি করপোরেশন সূত্র জানায়, সংস্থাটিতে বর্তমানে ৮ হাজার ৪০০ কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক আছেন। এর মধ্যে অর্ধেকের বেশি অস্থায়ী।

কাউন্সিলরদের দাবির পর মেয়র মো. রেজাউল করিম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, স্থায়ীদের সমান কাজ করেও পদোন্নতিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন না অস্থায়ী কর্মীরা। হতাশায় তাঁরা কর্মস্পৃহা হারিয়ে ফেলছেন। এভাবে চলতে থাকলে সুষ্ঠুভাবে নাগরিক সেবা দেওয়ার কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় অস্থায়ী কর্মচারীদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী করার নির্দেশনা দিয়েছেন। তাই স্থায়ী করতে যথাযথ প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে।

সভায় মেয়র ঘোষণা দেন, নগরের বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, গরিব-দুস্থ ও কাঁচা ঘরের মালিকদের কোনো গৃহকর পরিশোধ করতে হবে না। বিদ্যুৎ শাখার কার্যক্রমে কর্মকর্তাদের অবহেলায় ক্ষোভ প্রকাশ করেন মেয়র। নগরের অলিগলির সড়কের খানাখন্দ এক মাসের মধ্যে সংস্কার করার জন্য প্রকৌশলীদের নির্দেশনা দেন তিনি।