প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

সংসদ ভবনে তারেক রহমানের কার্যালয়ে গিয়ে দেখা করেন সদ্য নিয়োগ পাওয়া পাঁচ সিটি করপোরেশনের নতুন প্রশাসকেরা। ১৪ মার্চছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সৌজন্যে

সদ্য নিয়োগ পাওয়া পাঁচ সিটি করপোরেশনের নতুন প্রশাসকেরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ শনিবার দুপুরে সংসদ ভবনে তারেক রহমানের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন তাঁরা। সাক্ষাৎকালে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে পাঁচ বিএনপি নেতাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছে সরকার। আগামীকাল তাঁরা দায়িত্ব নেবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনে বিলকিস আক্তার জাহান শিরীনকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনে মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সিটি করপোরেশনের নির্বাচন পর্যন্ত রাজনৈতিক প্রশাসকেরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনের পর তাঁরা মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

বিলকিস আক্তার জাহান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), মাহফুজুর রহমান রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও মো. ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।