যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইনের (খসড়া) ওপর মতামত দিল মহিলা পরিষদ
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইনের (খসড়া) প্রস্তাব এবং এ–সংক্রান্ত প্রচলিত আইনের বিধান পরিমার্জন ও পরিবর্ধনের ওপর সুপারিশ দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। ওই সুপারিশসহ বৈষম্যমূলক পারিবারিক আইন সংস্কারের আহ্বান জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদের সঙ্গে রোববার সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধিরা।
এ নিয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মো. সেলিম রেজা, উপপরিচালক সুস্মিতা পাইক ও ফারহানা সাঈদ। বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধিদের মধ্যে ছিলেন সংগঠনের সভাপতি ফওজিয়া মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম, জাতীয় পরিষদ সদস্য মাকছুদা আখতার, লিগ্যাল অ্যাডভোকেসি অ্যান্ড লবি পরিচালক (ভারপ্রাপ্ত) দীপ্তি সিকদার এবং কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের জ্যেষ্ঠ আইনজীবী রাম লাল রাহা।
উত্ত্যক্ত করা, যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনাসহ নারী নির্যাতন পরিস্থিতি, এ ক্ষেত্রে আইনগত সীমাবদ্ধতা ও শূন্যতা, প্রতিরোধমূলক ব্যবস্থা, হাইকোর্ট বিভাগের নির্দেশনা, যৌন হয়রানি ও নিপীড়ন বন্ধে পৃথক আইনের প্রয়োজনীয়তা এবং বৈষম্যমূলক পারিবারিক আইনের বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরে বাংলাদেশ মহিলা পরিষদ।
এ সময় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ জানান, উত্ত্যক্ত করা, যৌন হয়রানি ও নিপীড়ন রোধে পৃথক আইন প্রণয়ন বিষয়ে সুপারিশমালা গত বছরের ১৫ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি নারী-পুরুষের বৈষম্য দূর করাসহ নারী নির্যাতন প্রতিরোধে আইনি সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।